সাংবাদিক তুহিন হত্যায় গাজীপুরে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট
.
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ১৮:১২
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নিমর্মভবে হত্যার ১৭ দিনের মধ্যে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম জিএমপি সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এর আগে রোববার ৮ জনকে অভিযুক্ত করে গাজীপুর মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিটটি দাখিল করা হয়।
গত ৭ আগস্ট রাতে তুহিনকে প্রকাশ্যে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা হলেন- জামালপুরের মেলান্দহ থানার মাহমুদপুর এলাকার মোবারক হোসেনের ছেলে কেটু মিজান (৩৪), একই জেলার মো. সুলাইমানের মেয়ে কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার গোলাপী (২৫), খুলনা শহরের সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. হানিফের ছেলে মো. আল আমীন (২১), পাবনার ফরিদপুর থানার সোনাহারা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে স্বাধীন ওরফে সেলিম (২৮), কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ ভূইঁয়ার ছেলে মো. শাহজালাল (৩২), পাবনা চাটমোহর থানার পাচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিনের ছেলে মো. ফয়সাল হাসান (২৩), শেরপুর নকলা থানার চিতলিয়া এলাকার আব্দুস সালামের ছেলে সুমন ওরফে সাব্বির ওরফে মামুন (২৭) ও রফিকুল ইসলাম ওরফে আরমান (৩০)।
উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম আরও জানান, তুহিন হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোনটি বর্তমানে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
- বিষয় :
- গাজীপুর
- চার্জশিট
- সাংবাদিক তুহিন হত্যা
