বাসে পাওয়া ব্যাগে স্বর্ণালংকার টাকা, ফিরিয়ে দিলেন শিক্ষার্থী
ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ২১:১২
বেনাপোল থেকে ময়মনসিংহগামী একটি বাসে সিটের নিচে ব্যাগ পড়ে থাকতে দেখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সেটি খুলে দেখেন আইফোন, স্বর্ণালংকার, টাকা ও গাড়ির চাবিসহ মূল্যবান জিনিসপত্র। সোমবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ব্যাগটি মালিকের হাতে তুলে দিয়েছেন তিনি।
মালিক প্রবাসী মো. আনোয়ার হোসেন ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা। ব্যাগটি ফেরত দেওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান রনি।
এই শিক্ষার্থী জানান, গত শনিবার তিনি বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে একটি বাসে ঝিনাইদহ থেকে ময়মনসিংহ ফিরছিলেন। গাড়ি থেকে নামার সময় পাশের সিটের নিচে একটি ব্যাগ পান। কোনো যাত্রী ভুলবশত ফেলে গেছেন ভেবে তিনি সেটি নিয়ে আসেন।
বাসায় ফিরে ব্যাগটি খুলে একটি আইফোন, কিছু স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজ ও ওষুধ পান। আইফোন বন্ধ থাকায় চার্জ দিয়ে সচল করার পরও এক দিনের বেশি সময়ে কোনো কল আসেনি। তিনি ব্যাগটি থানায় জমা দেওয়ার কথা ভাবছিলেন। সোমবার সকালে ফোনে একটি মেসেজ ও কল এলে তিনি প্রকৃত মালিককে খুঁজে বের করতে সক্ষম হন।
হারানো ব্যাগ ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করে প্রবাসী আনোয়ার হোসেন বলেন, তাঁর স্ত্রী অসাবধানতাবশত বাসে ব্যাগটি ফেলে আসেন। ব্যাগে থাকা ফোনে তাঁর পর্তুগালের ভিসাসংক্রান্ত কিছু জরুরি ইমিগ্রেশন ডকুমেন্টস ছিল, যা হারালে সমস্যায় পড়তে হতো। এটি ফিরিয়ে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
- বিষয় :
- ময়মনসিংহ
- টাকা
- স্বর্ণালঙ্কার
