পিআর পদ্ধতি হলো মানুষের সঙ্গে প্রতারণা: বুলু
কুমিল্লা নগরীর টাউন হল মাঠে প্রধান অতিথির বক্তব্যে দেন বরকত উল্লাহ বুলু। ছবি: সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ | ০৪:২৫
বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নির্বাচনে পিআর পদ্ধতি মানুষকে বিভ্রান্ত করার কৌশল। কিছু স্বার্থান্বেষী মহল ও ধর্ম ব্যবসায়ী এ প্রক্রিয়াকে সামনে এনে জনমনে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের কৌশল উপমহাদেশের কোথাও নেই উল্লেখ করে তিনি বলেন, যারা পিআর পদ্ধতির নামে ষড়যন্ত্র করছে, নির্বাচন বিলম্বিত করতে চায় বা বন্ধ করতে চায়—তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।
সোমবার দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুলু আরও বলেন, যারা বিএনপিকে বলেন, বিএনপি নেত্রী প্রশাসন দখল করে আছেন। আমি তাদের উদ্দেশে বলতে চাই, কারা প্রশাসন দখল করেছেন, আজকে বাংলাদেশে বৈষম্যবিরোধী ভাইয়েরা যদি কোনো চাঁদা নেয় এটা ডোনেশন হয়ে যায়, আর জামায়াত বিভিন্ন ব্যাংক, বীমা বা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করে রেখেছে ওটা নাকি পুনরুদ্ধার। আর বিএনপি যদি ১০টাকা নেয় এটা চাঁদাবাজি হয়ে যায়। বিভিন্নভাবে আজকে মানুষের চরিত্র হননের জন্য একটা মিডিয়া কাজ করছে। এ মিডিয়া দিয়ে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন। উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।
আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূমের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে আরও বক্তব্য দেন দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
- বিষয় :
- বরকত উল্লাহ বুলু
- বিএনপি
- পিআর পদ্ধতি
