নোয়াখালীতে নিখোঁজের ১০ দিন পর নারীর গলিত লাশ উদ্ধার
প্রতীকী ছবি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০১:৩২
নিখোঁজের ১০ দিন পর নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর গ্রামের একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নারীর নাম পরানী বেগম (৪০)। তিনি নরোত্তমপুর গ্রামের আক্কাস আলীর সাবেক স্ত্রী।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, উপজেলার নরোত্তমপুর গ্রামের স্বামী পরিত্যক্তা পরানী বেগম গত ১২ জুলাই রাতে নিখোঁজ হন। এ ঘটনায় তার মেয়ে মুক্তা বেগম ১৩ জুলাই বেগমগঞ্জ মডেল থানায় একটি জিডি করেন।
বেগমগঞ্জ মডেল তানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, বুধবার সকলে নরোত্তমপুর গ্রামের ইউছুফ নামের এক কৃষক গ্রামের বিলে গরুর ঘাস কাটতে যান। এসময় পঁচা দুর্গন্ধ পেয়ে সামনে এগিয়ে গিয়ে পরানী বেগমের মৃতদেহ দেখে থানা ও তার পরিবারের লোকেদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে। নারীর মৃত দেহটি পঁচে যাওয়ায় তার শরীরে কোন আঘাতের চিহ্ন রয়েছে কি-না তা শনাক্ত করা যায়নি।
ওসি বলেন, নিহত পরানী বেগম সুদ ও দাদন ব্যবসা করতেন। বিভিন্ন লোকের কাছে তিনি টাকা লেনদেন করেছেন। ধারণা করা হচ্ছে- টাকা লেনদেন নিয়ে দ্বন্দের কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন। এ নিয়ে পুলিশ কাজ করছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন নারীর অর্ধগলিত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারী এলাকায় টাকা পয়সা নিয়ে সুদের ব্যবসা করতেন। ওই ব্যবসাকে কেন্দ্র করে তিনি খুন হতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। খুব শিগগিরই এ মৃত্যুর রহস্য উদঘাটন করার জন্য পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।