গোপালগঞ্জে আরও ৩০ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০১:৫৩ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ০২:০৬
গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ৪ স্বাস্থ্যকর্মীসহ ৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ জনে।
বুধবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।
তিনি জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৮ জন, টুঙ্গিপাড়ায় ৮ জন, কোটালীপাড়ায় ৫ জন, কাশিয়ানীতে ৪ জন ও মুকসুদপুরে ৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।
ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৪৩ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮৯৮ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৫ জন। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ২৪ জন। এ ছাড়া মুকসুদপুরে আত্নহত্যা করেছেন ১ জন করোনা রোগী।
তিনি জানান, গোপালগঞ্জে এ পর্যন্ত ৬ হাজার ৮৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৪১৫ জন, টুঙ্গিপাড়ায় ২১৭ জন, কোটালীপাড়া উপজেলায় ২০২ জন, কাশিয়ানীতে ২৩৪ জন ও মুকসুদপুরে ২৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ১০২ জন।
- বিষয় :
- করোনাভাইরাস
- লকডাউন
- আইসোলেশন