সংবিধান সংশোধন না হলে আগামীতে আরও একটি গণঅভ্যুত্থান হবে: সারোয়ার তুষার
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ছবি: সমকাল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | ১৭:৪১
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘নির্বাচনের আগেই সংবিধান সংশোধন করতে হবে। তা না হলে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আরও একটি গণঅভ্যুত্থান হবে। এখন যে ভুল হয়েছে আগামীতে নিশ্চিত সে ভুলগুলো আর হবে না। নির্বাচনের আগে সংস্কার না হলে যে বিষয় গুলোতে সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন সেগুলোও ভেস্তে যাবে।
রোববার দুপুরে মেহেরপুর জেলা পরিষদের হলরুমে জেলা উপজেলা সমন্বয়ক কমিটির সদস্যদের নিয়ে সাংগাঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, ‘যে কোনো মূল্যে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে না। এটার ভিত্তিতেই নির্বাচন হবে। পরবর্তী নির্বাচিত সরকারের কাছে জুলাই সনদ দেওয়ার অর্থ হচ্ছে শেয়ালের কাছে মুরগি ধার দেওয়া ছাড়া কিছুই না।’
ঢাকায় নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘এই হামলার সঙ্গে জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে।’ সেনা সদস্যদের যারা বিতর্কিত করার চেষ্টা করছেন তাদের খুঁজে বের করার দাবি জানান তিনি।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত আপনারা ঠিক করতে পারেননি। তাই এখনই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক। প্রয়োজনে নির্বাচনের সময় আবারও সেনাবাহিনীকে মাঠে নামানো হোক।’
এ সময় সংস্কারের আগেই কীভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তুষার বলেন, ‘কীভাবে নির্বাচন হবে, কোন পদ্ধতিতে হবে তা এখনও আলোচনার টেবিলে। অথচ, প্রধান নির্বাচন কমিশনার রোডম্যাপ ঘোষণা করে দিয়েছেন। এই কমিশনের পক্ষে কখনই সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়।’ তাই দ্রুত নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মোল্লা রহমতুল্লাহ, যুগ্ম মূখ্য সমন্বয়ক অ্যাড. শাকিল আহম্মেদ, কেন্দ্রীয় সদস্য সোহেল রানাসহ এনসপিরি স্থানীয় নেতৃবৃন্দ।
- বিষয় :
- এনসিপি
- সারোয়ার তুষার
- মেহেরপুর
- গণঅভ্যুত্থান
