বাম জোটের কর্মসূচিতে হামলা: প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠনের নিন্দা
সিলেট ব্যুরো
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ১১:০২ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ১২:০৭
সিলেটে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচিতে পুলিশি বাঁধা ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সিলেটের প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ।
স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা নিয়ে বুধবার দুপুরে সিলেটে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচিতে পুলিশি বাঁধা ও হামলার অভিযোগ উঠেছে। বাম জোট নেতাদের অভিযোগ, পুলিশি বাঁধার মুখে কর্মসূচি পালন করতে গিয়ে তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
এই ঘটনার নিন্দা জানিয়েছে যৌথ বিবৃতিতে তারা সিলেটের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতি রক্ষায় প্রশাসনকে সচেতন থাকার দাবি জানিয়েছেন। বাম জোটের কর্মসূচি পালনে বাঁধার অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছেন, বাম নেতাদের জেলা প্রশাসকের কার্যালয় ছেড়ে অন্যত্র কর্মসূচি পালন করতে অনুরোধ করা হয়েছে। সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, বিনামূল্যে করোনা পরীক্ষাসহ ৮ দফা দাবিতে এই কর্মসূচি পালন করেছে বাম জোট।
বাম জোটের কর্মসূচিতে পুলিশি হামলার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘জেলা প্রশাসক সিলেটের মানুষের সমস্যা সংকট শুনবেন, সমাধান করবেন-এটাই ছিল প্রত্যাশিত। সিলেটে দীর্ঘদিনের ঐতিহ্য ছিল বিভিন্ন সংগঠন তাদের দাবি দাওয়া নিয়ে যাবেন, জেলা প্রশাসক অত্যন্ত গুরুত্বের সেগুলো শুনেন। কিন্তু আজ অত্যন্ত বিষ্ময়ের সাথে আমরা দেখলাম খোদ জেলা প্রশাসকের কার্যালয়েই পুলিশি হামলা সংগঠিত হলো। যা অত্যন্ত নিন্দনীয় কাজ। করোনাকালে দেশের স্বাস্থ্যব্যবস্থার ভঙ্গুর দশা সবার সামনে এসেছে। সীমাহীন দুর্নীতি, অনিয়মের আতুর ঘরে পরিণত হয়েছে স্বাস্থ্যখাত। মহামারীতে যেখানে বিনামূল্য করোনা পরীক্ষা করা প্রয়োজন ছিল, সেখানে তা না করে জনগণের উপর ফি চাপিয়ে দেয়া হয়েছে। এরকম পরিস্থিতিতে বাম গণতান্ত্রিক জোট সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাসহ ৮ দফা দাবিতে যে আন্দোলন করছিল তা যৌক্তিক। অথচ আজ জেলা প্রশাসকের কার্যালয়ে এই পুলিশী হামলার ঘটনা সংগঠিত হলো। আমরা এই হামলায় জড়িত পুলিশ সদস্যদের দ্রুত শাস্তির আওতায় আনা এবং সিলেটের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতি যাতে লঙ্গিত না হয় সে ব্যাপরে প্রশাসন সচেতন হবেন-এই দাবি করছি।
এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন, প্রবীণ রাজনীতিবিদ গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যরিষ্টার আরশ আলী, প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্ল্যাহ শহিদুল ইসলাম শাহীন, সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক ধীরেন সিং, জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমেদ, প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ জাসদ সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট জাকির আহমেদ, গণফোরাম সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট আনসার খান, ওয়ার্কাস পার্টি সিলেট জেলার সভাপতি সিকান্দর আলী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট জেলার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সয়েল সাইন্স বিভাগের অধ্যাপক আবুল কাশেম, উদীচী সিলেট জেলার সভাপতি এনায়েত হাসান মানিক, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, বাংলাদেশ জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক নাজাত কবীর, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, সিলেট মহানগর জাসদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, বাপা সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, গণজাগরণ মঞ্চ সিলেট জেলার মুখপাত্র দেবাশীষ দেবু, বাংলাদেশ নারীমুক্তি সংসদ সিলেট জেলার সভাপতি ইন্দ্রানী সেন, ভূমিসন্তান বাংলাদেশ’র আশরাফুল কবির ও নিনাই সিলেটের সভাপতি ডা. তায়েফ আহমদ চৌধুরী।