ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বাস কাউন্টার ম্যানেজারকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

বাস কাউন্টার ম্যানেজারকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ
×

আহত শহীদুল ইসলাম

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৯:১৬ | আপডেট: ২৩ জুলাই ২০২০ | ০৯:৫৬

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে দূরপাল্লা রুটের কাউন্টারের ম্যানেজারকে মারধর করে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মোল্লাকে প্রধান আসামি করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বুধবার রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার গোল্ডেন লাইন পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, কামাল হোসেন লিটন মোল্লার দাবি করা চাঁদা না দেওয়ায় তার নির্দেশে এ হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  

বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম জানান, গোল্ডেন লাইন নামে একটি পরিবহনের কাউন্টার ম্যানেজার শহিদুল ইসলামকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেবেন। 

হাসপাতালে চিকিৎসাধীন শহিদুল ইসলাম জানান, বুধবার রাত ১২টার দিকে কাউন্টার বন্ধ করে বাস টার্মিনালের পেছনের রাস্তা থেকে বের হওয়ার সময় একদল লোক তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে বেদম মারধর করে সঙ্গে থাকা ২ লাখ ৪৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার চিৎকারে টার্মিনালে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ দলীয় কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নথুল্লাবাদ বাস টার্মিনালের অঘোষিত নিয়ন্ত্রক লিটন মোল্লা গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার প্রতি মাসে ২০ থেকে ২৫ টাকা মাসোহারা চাঁদা দাবি করেছেন। ভয়ভীতি দেখিয়ে কয়েকমাস দাবি করা টাকাও নিয়েছেন লিটন মোল্লার সহযোগীরা। করোনা পরিস্থিতিতে পরিবহনের আয় কমে গত দুইমাস চাঁদা দেওয়া হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে শহিদুলকে কয়েকদিন আগে সহযোগীরা লিটন মোল্লার বাড়িতে ডেকে নিয়ে চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিয়েছিল।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত চেয়ারম্যান লিটন মোল্লার মুঠোফোনে একাধিক কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। 

আরও পড়ুন

×