ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সিগারেট মজুদকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান

সিগারেট মজুদকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান
×

জব্দ সিগারেটের একাংশ -সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৯:৪০

করোনা মহামারির মধ্যেও অতিরিক্ত মুনাফা লাভের আশায় পাবনা জেলার কতিপয় মুনাফালোভী ব্যবসায়ী প্রচুর পরিমাণে সিগারেট মজুদ করে রেখেছে। এই মজুদকারীদের দৌরাত্মে বাজারে কৃত্রিম সঙ্কট এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই সকল মজুদকারীদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়েছে।

জানা গেছে,পাবনা সদর থানা পুলিশ বুধবার সকাল ১০টা থেকে শহরের খয়েরবাগান এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল এবং মো. খাইরুল নামে ২ জন সিগারেট মজুদকারীকে আটক করে। তাদের গোডাউন থেকে ডার্বি ব্র‍্যান্ডের ৪ লাখ ১০ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। জব্দ সিগারেটের বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৯৭ হাজার টাকা। পরে বাজার সমিতির নেতাদের অনুরোধে মজুদকারীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও শর্ত দেওয়া হয় আগামী ৩০ জুলাইয়ের মধ্যে পুরাতন সব সিগারেট বিক্রি করে ফেলবেন।

এদিকে পুলিশের এই অভিযানে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অনেক এলাকাবাসী অভিযানের সময় ঘটনাস্থলে জড়ো হয়।

পাবনা সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, এ ব্যাপারে বাজার সমিতির নেতাদের অবহিত করা হয়েছে যে পরবর্তীতে এমন ঘটনা ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঈদকে সামনে রেখে সব ধরনের মজুদকারীর বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×