দামুড়হুদায় সেফটিক ট্যাংক পরিষ্কারে নেমে ২ জনের মৃত্যু
বৃহস্পতিবার বিকেলে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে লাশ দু'টি উদ্ধার করেন। ছবি: সমকাল
চুয়াডঙ্গা ও দামুড়হুদা প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৯:৪২
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দু'জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা বাজার পাড়ার এরশাদুল ইসলামের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দর্শনা ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল সাড়ে ৫টার দিকে লাশ দু'টি উদ্ধার করেছে।
মারা যাওয়া দু'জন হলেন- এরশাদুল ইসলামের মেয়ে কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আসমা খাতুন (১৬) এবং তার দোকান কর্মচারী উপজেলার কালিয়াবকরী গ্রামের মতলেব মণ্ডলের ছেলে হাসিবুল ইসলাম (২৪)।
স্থানীয়রা জানায়, দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের মুদি ব্যবসায়ী এরশাদুল ইসলাম তার দোকান সংলগ্ন বাড়িতে নতুন সেফটিক ট্যাংক নির্মাণ করেন। তিন দিনের বৃষ্টিতে সেফটিক ট্যাংকে পানি জমে যায়। বিকেল ৪টার দিকে এরশাদুলের মেয়ে ট্যাংকের পানি পরিষ্কার করতে নামে। এরপর তার কোনো সাড়াশব্দ না পেয়ে তাকে তুলতে নামেন দোকান কর্মচারী হাসিবুল ইসলাম। অনেকক্ষণ হয়ে গেলেও তারা উঠে না আসায় এবং ডাকেও সাড়া না দেওয়ায় দর্শনা ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই দু'জনের লাশ উদ্ধার করেন।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, সেফটিক ট্যাংকে বিষাক্ত গ্যাস তৈরি হওয়ায় তারা অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে পানির নীচে তলিয়ে যান। খবর পেয়ে চুয়াডাঙ্গা ও দামুড়হুদা ফায়ার সার্ভিসের দু,টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে সেফটিক ট্যাংকে ভেতর বাতাস প্রবেশ করালে লাশ দু'টি পানিতে ভেসে ওঠে।