ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাল্কহেডে ধাক্কায় স্পিডবোটের চারজন নিখোঁজ,আহত ৩

বাল্কহেডে ধাক্কায় স্পিডবোটের  চারজন নিখোঁজ,আহত ৩
×

 নেত্রকোনা প্রতিনিধি  

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৩৩

নেত্রকোনার খালিয়াজুরীতে বিয়েবাড়িতে এসে নৌবিহারে বেরিয়ে মহাবিপত্তি ঘটল স্পিডবোটের সাত আরোহীর। ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট উল্টে চারজন নিখোঁজ ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজরা হলেন– খালিয়াজুরীর গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষামণি (৫) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)। আহত তিনজন– হেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তার। তাঁকে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী কিশোরগঞ্জের ইটনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুইজন সাত্তার মিয়ার ছেলে জহুরুল ইসলাম ও মঞ্জিল মিয়ার ছেলে সাত্তার মিয়া। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ময়মনসিংহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।

গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ স্বাধীন জানান, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত স্পিডবোট আনা হয়েছিল। তারপর এ স্পিডবোটে বরযাত্রী রওনা হবার আগমুহূর্তে কিছুক্ষণের জন্য বিয়েবাড়ির ১৫ জন স্বজন মিলে বাড়ির পাশে ধনু নদে ঘুরতে বের হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।
খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল 
হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজদের উদ্ধারে ময়মনসিংহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল এসে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে। 

আরও পড়ুন

×