কক্সবাজার স্টেডিয়ামে হামলা-ভাঙচুরের ঘটনায় দুই তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২১:১২
কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে উত্তেজিত দর্শকদের স্টেডিয়াম ভবনসহ বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুরের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এছাড়া আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন শনিবার কক্সবাজারের ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য দেন।
এর আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেডিয়ামের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন।
জেলা প্রশাসক জানান, অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) নেতৃত্বে তিন সদস্যের কমিটি কাজ করবে হামলা ভাঙচুরের বিষয়ে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন সদস্যের অন্য কমিটি কাজ করবে অতিরিক্ত টিকিট বিক্রি ও কালোবাজারির বিষয়ে।
তিনি বলেন, গত শুক্রবার বিকেলে স্টেডিয়ামে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্ষতক্ষতি নিরূপণে গণপূর্ত বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীন বলেন, এই ঘটনায় জেলা ক্রীড়া সংস্থা বা স্টেডিয়াম ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে মামলা নথিভুক্ত করা হবে।
ধারণ ক্ষমতার বেশি দর্শক স্টেডিয়ামে প্রবেশ করেছিল এবং অনেকে টিকেট সংগ্রহ করেও ভিতরে ঢুকতে না পারায় উত্তেজিত হয়ে এই হামলা চালানো হয় বলে মনে করেন পুলিশ সুপার। তিনি বলেন, ঘটনার সময় অন্তত ৫০ হাজার দর্শক স্টেডিয়ামের ভিতরে ছিলেন।
- বিষয় :
- কক্সবাজার
- তদন্ত কমিটি
