‘এইডা কিতা রাস্তা নি ভোগান্তি কারে কয়রে বা’
চুনারুঘাটের কালেঙ্গা সড়কের হিমালিয়া-চামলতি অংশে দুর্ভোগের শিকার এক যাত্রী সমকাল
নুর উদ্দিন সুমন, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:২৩
‘এইডা কিতা রাস্তা নি? উন্নয়নের এত ঢেউ কিতা আমরার লাগি আছিল নায়? এই রাস্তাত চলে যারা তারারে জিগান ভোগান্তি কারে কয়রে বা...’। এভাবেই কাদা-জলে মাখামাখি কালেঙ্গা সড়কের হিমালিয়া-চামলতি অংশ নিয়ে মন্তব্য করেন স্থানীয় এক প্রবীণ বাসিন্দা।
চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সড়কের হিমালিয়া থেকে চামলতি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এ সড়ক সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে তলিয়ে যায়। ফলে প্রতিদিনই যাত্রী, শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক ও ব্যবসায়ীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। এলাকাবাসীর ভাষ্য, তাদের এই কষ্টের কথা আজ পর্যন্ত মোটা দাগে কোথাও উল্লেখ করেনি কেউ।
স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ যাতায়াত করেন। বেহাল এই রাস্তার কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। সিএনজি চালিত অটোরিকশা বা মোটরসাইকেল চলতে গিয়ে মাঝপথে কাদায় আটকে যায়। কখনও যাত্রী নামিয়ে ঠেলে গাড়ি তুলতে হয় চালকদের। এতে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হয় তাদের।
হিমালিয়া নূরানি মাদ্রাসার শিশু শিক্ষার্থী সুমাইয়া জানায়, বৃষ্টি হলে বই-খাতা ভিজে যায়। কাদা মাড়িয়ে হাঁটা যায় না। মাদ্রাসায় যাওয়া এখন তাদের জন্য যন্ত্রণার। আরেক শিক্ষার্থী সাদিয়া বলে, রাস্তার জন্য ক্লাসে সময়মতো পৌঁছাতে পারে না। এক দিন পা পিছলে পড়ে আঘাতও পেয়েছে।
ব্যবসায়ী সোহেল মিয়া হান্নান বলেন, রাস্তায় যানবাহন চলতে চায় না। ফলে ব্যবসার মালামাল আনা-নেওয়া করতে সমস্যা হয়। হোসেন মিয়া নামের এক কৃষক বলেন, ধান, সবজি বা অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে গেলে দ্বিগুণ ভাড়া গুনতে হয়। আবার অনেক সময় গাড়িই পাওয়া যায় না।
এদিকে চালকরা বলছেন, এই দেশে এখনও এমন সড়ক আছে সেটা ভাবতেই অবাক লাগে। এখানে চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। গাড়ির ইঞ্জিন পর্যন্ত কাদায় ডুবে যায়। পরে যাত্রী নামিয়ে ঠেলে গাড়ি তুলতে হয়।
চুনারুঘাট উপজেলা প্রকৌশলী ইমাম হোসেন বলেন, হিমালিয়া-চামলতি সড়ক সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানালেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
- বিষয় :
- রাস্তা খোঁড়া