ক্রিকেট বল আনতে গিয়ে মেঘনায় ডুবল কিশোর
মো. কবির হোসেন
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৮:১৯
পানিতে পড়ে যাওয়া ক্রিকেট বল কুড়িয়ে আনতে গিয়ে মো. কবির হোসেন (১৫) নামে এক কিশোর মেঘনা নদীতে তলিয়ে গেছে। শুক্রবার সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ উপজেলার পোড়াগুদাম এলাকায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের পানি নিষ্কাশন চ্যানেলে তলিয়ে যায় সে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের আব্দুস ছালেক মিয়ার ছেলে। তারা স্বপরিবারে আশুগঞ্জ পোড়াগুদাম এলাকায় দীর্ঘদিন ভাড়ায় বসবাস করেন।
জানা গেছে, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ নিখোঁজ কবিরের স্বজনেরা নদীতে তার সন্ধান চালিয়ে যাচ্ছেন। খবর পেয়ে আশুগঞ্জের ইউএনও ঘটনাস্থল পরিদর্শন ও উদ্ধারকারী দলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নিখোঁজ কিশোরের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন।
নিখোঁজ কবিরের বড়ভাই রুহুল আমিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কবির, সাগর ও নুর মোহাম্মদসহ কয়েক বন্ধু পোড়াগুদাম এলাকায় একটি চাতালের মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় বলটি চাতালের পাশে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের
পানি নিষ্কাশন (আউটার চ্যানেল) চ্যালেনে পড়ে গেলে তা কুড়িয়ে আনতে তাৎক্ষণিক পানিতে ঝাপিয়ে পড়ে কবির। খালের পানিতে তীব্র স্রোত থাকায় মেঘনা নদীতে সে ভেসে যায়। এ সময় ‘বাচাঁও বাচাঁও’ বলে চিৎকার করলেও কেউ এগিয়ে না আসায় এক সময় সে মেঘনার পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সকালেই ঘটনাস্থলে পৌঁছে ও কিশোরগঞ্জে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।
ফায়ার সার্ভিস জানায়, বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ থেকে ডুবুরিদল ঘটনাস্থলে পৌছেছে। বর্তমানে নদীতে স্পিডবোড নিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট (আশুগঞ্জ, ভৈরব নদীবন্দর ও কিশোরগঞ্জ) উদ্ধার কাজ করছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. তানহার হোসেন বলেন, ডুবুরিদল ঘটনাস্থলে রয়েছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট নিখোঁজের সন্ধান চালিয়ে যাচ্ছে।
এব্যাপারে ভৈরব নৌ-পুলিশের উপ-পরিদর্শক মো. রাসেল মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) রেকর্ড করা হয়েছে।
আশুগঞ্জের ইউএনও মো. নাজিমুল হায়দার বর্ষাকালে সবাইকে সর্তক থাকার আহবান জানিয়ে বলেন, নিখোঁজের পরিবার ও ফায়ার সার্ভিসের টিমের সঙ্গে কথা হয়েছে। ফায়ার সার্ভিস ও স্বজনরা নদীতে নিখোঁজের সন্ধান করছে।