ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ কর্মকর্তাকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ কর্মকর্তাকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি
×

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:২২ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ২৩:১৯

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের  ৩৩ প্রকৌশলী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১১ আগস্ট সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের অব্যাহতি প্রদান করা হয়। 

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সময়ে চলতি দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গেজেট অনুসারে এবং অন্যান্য প্রাসঙ্গিক স্মারকের আলোকে ময়মনসিংহ সিটি করপোরেশনের কিছু কর্মকর্তাকে 'অতি প্রয়োজনীয়' জনবল হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, এই প্রক্রিয়ায় কোনো ধরনের নিয়মনীতি মানা হয়নি।

১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারির জনপ্রশাসন বিধি ২ (ঘ) অনুযায়ী, কোনো কর্মকর্তা বা কর্মচারীকে দু মাসের বেশি চলতি দায়িত্ব দেওয়া যায় না। তবে ময়মনসিংহ সিটি করপোরেশনে এমন কয়েকজন কর্মকর্তা রয়েছেন, যারা পদোন্নতি বোর্ডের আদেশ ছাড়াই বছরের পর বছর একই পদে চলতি দায়িত্ব পালন করেন। এছাড়া, জনপ্রশাসন বিধিতে বলা আছে, চলতি দায়িত্ব গ্রহণের আগে নিজ পদে দায়িত্ব হস্তান্তর করে পরে আবার চলতি দায়িত্বে বসতে হবে। 

এদিকে, ২০২৩ সালের ১৮ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া এক স্মারক অনুযায়ী, চলতি দায়িত্বের মেয়াদ ৬ মাসের বেশি হতে পারে না, যদি না বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট কমিটির অনুমোদন নেওয়া হয়। কিন্তু ময়মনসিংহ সিটি করপোরেশনের তাৎকালীন কর্তৃপক্ষ এই নিয়ম অনুসরণ করেনি বলে প্রশাসক মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আরও পড়ুন

×