ভাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার, যান চলাচল স্বাভাবিক
ছবি: সমকাল
ফরিদপুর অফিস ও ভাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৫৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৫৮
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন আজ মঙ্গলবার। সকাল থেকেই মহাসড়কে আন্দোলনকারীদের অবরোধ কর্মসূচি পালন করতে দেখা যায়নি। ফলে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিন সকাল ৬টা থেকে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কয়েকজন ম্যাজিস্ট্রেটকে সেখানে দায়িত্ব পালন করতে দেখা যায়। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতাসহ টহল জোরদার করা হয়।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-মাওয়া-ভাঙ্গা টোলপ্লাজায়, ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া, হামিরদী, ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড ও ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদী, মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে আন্দোলনকারীদের অবরোধ কর্মসূচি পালন করতে দেখা যায়নি। বরং যানচলাচল স্বাভাবিক রাখতে কয়েকজন ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তৎপরতা লক্ষ্য করা যায়।
এসময় কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, টানা কয়েকদিনের সকাল-সন্ধ্যা অবরোধ ও সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের কারণে শান্ত ভাঙ্গা হঠাৎ অশান্ত হয়ে গেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ বলেন, আমরা চেষ্টা করছি যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং জনসাধারণ অতিরিক্ত ভোগান্তির শিকার না হন। এজন্য পুলিশ মাঠে আছে। তবে পুকুরিয়াতে স্থানীয়রা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। ফলে ঢাকা-বরিশাল ও খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাফুর আহমেদ বলেন, আমাদের রেলপথ ক্লিয়ার আছে। সকাল থেকে কোনো প্রতিবন্ধকতার খবর পাওয়া যায়নি। সকালে ভাঙ্গা হয়ে খুলনা থেকে নকশিকাঁথা কমিউটার ও জাহানাবাদ এক্সপ্রেস ঢাকায় গেছে এবং সুন্দরবন এক্সপ্রেস খুলনা গেছে।
হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, গতকালের সহিংসতায় হাইওয়ে থানার সব গাড়ি ভাঙচুর হওয়ায় পুলিশ বাইরে বের হতে পারেনি। তবে আজ ভোর থেকে সড়কে অবরোধের কোনও খবর পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান, গতকাল রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভাঙ্গা থানা পরিদর্শনে আসেন। এসময় ভাঙ্গার মানুষের দাবি পূরণের জন্য একটি ইতিবাচক বার্তা রয়েছে বলে তারা জানিয়েছেন। এজন্য আন্দোলনকারীদের আইনের প্রতি শ্রদ্ধা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। মানুষের ভোগান্তি নিরসনে ও সড়কে শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। এজন্য সড়কে টহল জোরদার করা হয়েছে।
ভাঙ্গার ইউএনও মিজানুর রহমান জানান, আন্দোলনকারীদের দাবি পূরণে বিশেষ গুরুত্ব দিয়ে ও ভাঙ্গায় চলমান পরিস্থিতির সার্বিক বিবেচনায় ইসির কাছে সোমবার লিখিতভাবে আবেদন করা হয়েছে। এতে একটি ইতিবাচক বার্তা ভাঙ্গার আন্দোলনকারীরা পাবেন।
প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) উপজেলা নিয়ে গঠিত। আর নগনরকান্দা ও সালথা উপজেলা ছিলো ফরিদপুর-২ আসনে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করা হয়। এরপর ৫ সেপ্টেম্বর থেকেই আন্দোলনে নামেন ভাঙ্গাবাসী।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত টানা ৩ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারীরা। সেই আন্দোলন গতকাল সোমবার সহিংসতায় গড়ায়। আন্দোলনকারীরা উপজেলা পরিষদ হল রুম, ইউএনও-নির্বাচন কার্যালয়, অফিসার্স ক্লাব ও লোকাল ও হাইওয়ে থানা ঘেরাও করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
