ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২৩ বস্তা নথি উদ্ধারের পর সেই বাড়িতে সুনসান নীরবতা, বিস্ময় এলাকাবাসীর

২৩ বস্তা নথি উদ্ধারের পর সেই বাড়িতে সুনসান নীরবতা, বিস্ময় এলাকাবাসীর
×

গাড়িচালক ইলিয়াস তালুকদারের বাড়িতে এখন সুনসান নীরবতা। ছবি: সমকাল

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ২০:২৭

চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি ও ঋণসংক্রান্ত নথিপত্রের সন্ধানে স্ত্রীর ব্যক্তিগত গাড়িচালকের বাসায় শনিবার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করা হয়। এরপর থেকে সেই বাড়িতে সুনসান নীরবতা বিরাজ করছে। এতে বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী।  

সোমবার বিকেল চারটায় উপজেলার শিকলবাহা এলাকার ফকিরা মসজিদ এলাকার ওই বাড়িতে গিয়ে দেখা যায়, চালক ইলিয়াস তালুকদারের দোতলা বাড়িটি পুরুষশূন্য। সেখানে নীরবতা বিরাজ করছে। ইলিয়াসের চাচাতো ভাই ওসমান তালুকদারের যে ঘর থেকে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করা হয়েছে সেটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। 

গত চার দিনে অন্তত পাঁচবার আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে দুদক অভিযান চালায় বাড়িটিতে। এসব ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসী। এ ঘটনায় তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও রাজি নন। 

এদিকে এই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন সাবেক মন্ত্রী পত্নী রুকমিলা জামানের ব্যক্তিগত চালক ইলিয়াস তালুকদার। তাছাড় হদিস মেলেনি তার চাচাতো ভাই ওসমানেরও।

স্থানীরা বিস্ময় করে বলছেন, এ ধরনের ঘটনা ঘটতেই পারে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, ইলিয়াস দীর্ঘদিন ধরে জাবেদ পরিবারের গাড়ি চালাতেন। বিভিন্ন সময় তিনি এলাকাবাসীকে সহযোগিতা করেছেন। কোনো দুর্নীতির বিষয়ে তার কোন সম্পৃক্ততা থাকতে পারে না।

শিকলবাহা এলাকার বাসিন্দা সাইফুর ইসলাম একটি মুদি দোকান চালান। তিনি বলেন, জাবেদ সাহেবের দুর্নীতির বিষয়ে ক্ষমতায় থাকাকালীন শুনিনি। তখন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বলা হতো। এখন পত্রপত্রিকায় তাকে অর্থ-পাচারকারী বলা হচ্ছে। সত্যি ঘটনা কোনটি তা বুঝতে পারছি না। 

স্থানীয় রিকশাচালক নূর নবী বলেন, ক্ষমতায় এসে বড়লোকেরা বড় হয়েছেন। আমাদের জীবনে পরিবর্তন আসেনি। তাই এসব বিষয় নিয়ে মাথা ঘামাতে চাই না।

উল্লেখ্য, গত রোববার ভোর পাঁচটায় ঘণ্টাব্যাপী অভিযানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমীলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে নেতৃত্ব দেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ অর্থ পাচার করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৯টি দেশে অর্জিত ৬০২টি সম্পদের ফাইল অভিযানের মাধ্যমে উদ্ধারের কথা জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আরও পড়ুন

×