তিন মাস বয়সী জাহ্নবীর ঠাঁই হলো মামা-মামির কোলে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান জয়ন্তী মণ্ডল। পরদিন মৃত্যু হয় মেয়ে প্রতিভা মণ্ডলের। স্ত্রী-সন্তান হারিয়ে ভেঙে পড়েছেন সমীর মণ্ডল। মঙ্গলবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে তাঁর গ্রামের বাড়িতে -সমকাল
সমকাল প্রতিবেদক ও বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:৩০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১০:২৫
মাত্র এক দিনের ব্যবধানে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের জয়ন্তী বিশ্বাস (৩৫) ও তাঁর বড় মেয়ে প্রতিভা মণ্ডল (৩) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। ঢাকার মহাখালী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে রোববার সকালে মারা যান জয়ন্তী বিশ্বাস। পরদিন সকালে মারা যায় প্রতিভা। এভাবে মা-মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছে তাদের গোটা পরিবার। একই সঙ্গে স্ত্রী ও মেয়েকে হারিয়ে এখন বাকরুদ্ধ সমীর মণ্ডল। জয়ন্তী ও সমীর দম্পতির তিন মাস বয়সী জাহ্নবী মণ্ডল নামে আরেকটি মেয়ে আছে। মায়ের মৃত্যুতে অসহায় শিশুটির এখন ঠাঁই হয়েছে মামা-মামির কোলে। তবু মায়ের ছোঁয়া পেতে জাহ্নবীর কান্না যেন থামছেই না।
গতকাল মঙ্গলবার বাঘুটিয়া গ্রামে গিয়ে দেখা যায়, জয়ন্তী বিশ্বাস ও তাঁর মেয়ে প্রতিভাকে পারিবারিক স্থানে পাশাপাশি সমাহিত করা হয়েছে। তাদের মৃত্যুতে পরিবারের মতো এলাকাবাসীও শোকাহত।
সমীর মণ্ডলের ছোট ভাই কৃষ্ণ সরকার জানান, তাঁর ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তা। তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেন। গত বুধবার জ্বরে আক্রান্ত হলে জয়ন্তী ও প্রতিভাকে হাসপাতালে ভর্তি করা হয়। মা-মেয়ের এমন মৃত্যুতে সমীর মণ্ডল সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন দুধের শিশুটিকে নিয়ে। বৌদি জয়ন্তী বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকেই জাহ্নবী তার মামা-মামির কাছে ছিল। সবাই ভেবেছিল, জয়ন্তী সুস্থ হয়ে উঠলে জাহ্নবী আবার মায়ের বুকে ফিরে আসবে। কিন্তু হলো না। আপাতত তাকে মামা-মামির কাছেই থাকতে হচ্ছে।

জয়ন্তীর বড় ভাই সৌরভ বিশ্বাস বলেন, ‘বোন ও ভাগনি এভাবে মারা যাবে, কল্পনাও করিনি। জয়ন্তীর ছোট মেয়ে জাহ্নবীকে আমরা আমাদের কাছে রেখেছি। কিন্তু এতটুকু বাচ্চা মা ছাড়া কীভাবে বেড়ে উঠবে, সে চিন্তায় আছি।’
আরও ৬৬৪ ডেঙ্গু রোগী ভর্তি, একজনের মৃত্যু
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৬৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন একজন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ১৩৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১০১, ঢাকা দক্ষিণ সিটি এলাকার ১০৭, ঢাকা বিভাগে ১১৭, ময়মনসিংহে ১৭, রাজশাহীতে ৫৭, রংপুরে ৪৭ ও সিলেটে ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪৩ হাজার ১৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন মোট ১৮২ জন।
- বিষয় :
- ডেঙ্গু রোগীর মৃত্যু
- ডেঙ্গু
