ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

মন্ত্রীর সহযোগিতায় ফ্লাইটের আগেই করোনা পরীক্ষা করালেন প্রবাসী

মন্ত্রীর সহযোগিতায় ফ্লাইটের আগেই করোনা পরীক্ষা করালেন প্রবাসী
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ০৯:২৮

করোনাভাইরাস পরিস্থিতিতে সীমিত পরিসরে বিমান চলাচলের ফলে টিকেট পাওয়া বড় চ্যালেঞ্জ। বাড়তি দাম দিয়েও কাঙ্খিত দিনের টিকিট না পেয়ে চরম সংকটে রয়েছেন বহু প্রবাসী। বিদেশ গমনেচ্ছুদের ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার পর পরিস্থিতি আরও কঠিন হয়েছে। 

প্রত্যাশিত ফ্লাইট, টিকিট ও করোনা পরীক্ষার জটিল সমীকরণ মেলাতে গিয়ে শহীদ আহমদের পর্তুগাল যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। শুক্রবার জুম্মার পর ফ্লাইটের টিকেট নিশ্চিত করেন। আগামী মঙ্গলবার ভোরে ঢাকা থেকে তিনি পর্তুগালের উদ্দেশ্যে রওয়ানা হবেন। এজন্য রোববারের মধ্যে তার করোনা সনদ পাওয়া বাধ্যতামূলক ছিল। যে কারণে শনিবার করোনা পরীক্ষা করাতে যান শহীদ। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হন তিনি। এদিকে আগামী ৩ আগস্টের মধ্যে পর্তুগাল যেতে না পারলে রেসিডেন্স কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে তার। এমন পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে পরিস্থিতি জানিয়ে মেসেজ করেন সিলেটের জকিগঞ্জের বাসিন্দা শহীদ আহমদ। 

এই প্রবাসীর সমস্যার কথা জেনে মন্ত্রী ইমরান আহমদ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর শহীদের সঙ্গে মন্ত্রণালয় থেকে যোগাযোগ করে সিলেটের সিভিল সার্জন অফিসে যোগাযোগ করতে বলা হয়। 

শহীদ মুঠোফোনে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি জানানোর পর সবকিছু সহজ হয়ে যায়। মন্ত্রণালয়ের নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে সেদিনই শহীদের নমুনা সংগ্রহ করা হয়। এরপর রোববার রাতে পাওয়া রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে।

মন্ত্রী ইমরান আহমদ বিষয়টি অবহিত হওয়ার পর মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরীন জাহানকে শহীদের করোনা পরীক্ষার ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেন। এরপর নাসরীন জাহান সিলেটের সিভিল সার্জনকে শহীদের নমুনা পরীক্ষার ব্যবস্থা নিতে বলেন।

রোববার রাতে শহীদ আহমদ সমকালকে বলেন, 'অসহায় হয়ে ওনাকে (মন্ত্রী ইমরান আহমদ) এসএমএস করে পুরো পরিস্থিতি বর্ণনা করেছিলাম। এরপর তিনি যেভাবে সহযোগিতা করেছেন, এজন্য ধন্যবাদ।'

গত চার বছর ধরে পর্তুগালে আছেন শহীদ আহমদ। করোনা পরিস্থিতির আগে দেশে এসেছিলেন। এরপর বিমান যোগাযোগ বন্ধ থাকায় আর ফিরতে পারেননি। সম্প্রতি বিমানের ফ্লাইট চালু হলেও সপ্তাহে মাত্র তিনটি ফ্লাইট চলাচল করায় তিনি টিকেট পাচ্ছিলেন না। শুক্রবার কাঙ্খিত টিকেট পান তিনি। 

এদিকে শহীদ আহমদকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডলকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী ইমরান আহমদ। প্রবাসীর সমস্যা সমাধানের অনুরোধ রাখায় রোববার তিনি মন্ত্রণালয়ের প্যাডে সিভিল সার্জনকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন

×