সীতাকুণ্ড
ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, মা-মেয়ে নিহত
ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ | ২১:১২
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে মাসুদা আক্তার (৫০) ও তাঁর মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন মাসুদার স্বামী বদিউল আলম ও নাতি সাফওয়ান। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ধাক্কা দেওয়া ট্রেনটির নাম মহানগর এক্সপ্রেস বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী এলাকায় সানজিদার নানাশ্বশুর মারা যান। তাঁর মরদেহ দেখতে সিএনজিচালিত অটোরিকশায় একই পরিবারের চারজন সেখানে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন আসার আগেই রেললাইনে অটোরিকশাটি আটকে ছিল। পরে মাসুদার স্বামী ও ছেলে অটোরিকশা থেকে নেমে ধাক্কা দিয়ে এটিকে সরানোর চেষ্টা করেছিলেন। তবে মুহূর্তেই ট্রেন চলে আসায় এতে ধাক্কা লাগে। এ সময় মাসুদা ও সানজিদা গুরুতর আহত হন।
এ ঘটনার পরই গুরুতর আহত মাসুদা ও সানজিদাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার স্থান থেকে প্রায় ৪০ থেকে ৫০ ফুট দূরে রেললাইনের পশ্চিম পাশে মা, পূর্বপাশে মেয়ে এবং নাতি ও বদিউল আলমকে পড়ে থাকতে দেখা যায় দুই রেললাইনের মাঝখানে। বদিউল আলম ও তাঁর নাতি চিকিৎসাধীন।
রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, দুর্ঘটনা খবর পেয়ে রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। কিন্তু ওই সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- অটোরিকশা যাত্রী নিহত
- নিহত
