ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পুলিশের ওপর হামলা করে শটগান-ওয়াকিটকি নিয়ে পালায় দুই আসামি, গ্রেপ্তার এক

পুলিশের ওপর হামলা করে শটগান-ওয়াকিটকি নিয়ে পালায় দুই আসামি, গ্রেপ্তার এক
×

গ্রেপ্তার জাহেদুল ইসলাম

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ | ১৭:৩১ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ | ১৭:৪১

ফেনীর সোনাগাজীতে পরোয়ানাভুক্ত দুই আসামিকে ধরতে যায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের ওই দলের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় একটি ওয়াকিটকি ও একটি শটগান। এ ঘটনায় আহত হয়েছেন ছয় পুলিশ সদস্য। পরে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে খোয়া যাওয়া ওয়াকিটকি ও শটগান উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় একজনকে।

মঙ্গলবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গ্রেপ্তার আসামির নাম জাহেদুল ইসলাম ওরফে রিপন (৩৮)। তিনি আহাম্মদপুর গ্রামের আবুল হাশেমের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন সোনাগাজী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেন, কনস্টেবল মাহবুব আলম, আইনুল করিম, কাঞ্চন ও হৃদয়। 

পুলিশ জানায়, জাহেদুল ইসলাম ও তার ছোট ভাই রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তারা ঘরে অবস্থান করছেন, খবর পেয়ে সকাল ছয়টার দিকে পুলিশের একটি দল তাদের ঘরে অভিযান চালায়। এ সময় জাহেদুল, রফিকসহ তাদের স্বজনরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশের একটি শটগান ও একটি ওয়াকিটকি কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে আসামিরা পালিয়ে যান। 

পরে খবর পেয়ে সোনাগাজী সার্কেল ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পুরো উপজেলাসহ পাশের মিরসরাই ও দাগনভূঁইয়া উপজেলা থানাকে যুক্ত করে অভিযান চালায়। দুপুরে অভিযুক্ত জাহেদকে গ্রেপ্তার করে তার নিকট থেকে অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

×