মাছ ধরতে বেরিয়ে সড়কে প্রাণ গেল রাবি শিক্ষকের
শিব শংকর রায়
রাজশাহী ব্যুরো ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ | ০৭:৫৯
| প্রিন্ট সংস্করণ
মাছ ধরার শখ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায়ের। প্রায়ই বিভিন্ন স্থানে মাছ শিকার করতে যেতেন তিনি। গতকাল শুক্রবার ভোরে মাছ ধরার উদ্দেশ্যে এক সহকর্মীকে নিয়ে রওনা দেন রাজশাহীর মোহনপুরের দিকে। কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারেননি শিব শংকর। বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তাঁর সহকর্মী দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা।
শিব শংকর রায় পাবনার সুজানগর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৭ সালে মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। শিব শংকর স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শুক্রবার ভোরে অধ্যাপক শিব শংকর ও আসাদুজ্জামান বাদশা মোহনপুরে এক জলাশয়ে টিকিট কেটে মাছ ধরতে যাচ্ছিলেন। আসাদুজ্জামানের ভেসপা মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন শিব শংকর। নওহাটা আনসার-ভিডিপি ক্যাম্পের কাছে ভোর সাড়ে ৫টার পর একটি বাস তাদের গাড়িতে ধাক্কা দেয়। পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান শিব শংকর। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে শিব শংকরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অধ্যাপক আসাদুজ্জামানের হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে। তিনি রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
গতকাল দুপুরে অধ্যাপক শিব শংকরের মরদেহ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে আনা হয়। উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেন। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর পঞ্চবটি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
অধ্যাপক শিব শংকরের স্ত্রীর কয়েক মাস আগে ক্যান্সার শনাক্ত হয়। এ নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন।
অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। মহানগর পুলিশের মুখপাত্র ও উপকমিশনার গাজিউর রহমান বলেন, পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
- বিষয় :
- প্রাণহানি
