সিরাজগঞ্জে কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি
কবর থেকে কঙ্কাল তুলে নেওয়ার পর। ছবি: সমকাল
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ১৭:২৫
সিরাজগঞ্জের শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার রাতে বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরি হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ শেষে কবরস্থানে গেলে বেশকিছু কবরের মাটি আলগা দেখতে পান। কাছে গিয়ে দেখেন কবরগুলোতে কঙ্কাল নেই। পাশেই কবর খোঁড়ার যন্ত্র, ট্রাউজার, গেঞ্জি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল।
স্কুলশিক্ষক ছানোয়ার হোসেন বলেন, যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেখানে গত এক থেকে দেড় বছরের মধ্যে মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল। স্বজনরা কবরস্থানের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার জানান, স্থানীয় বাসিন্দা গোলজার হোসেন এবং কবরস্থানের পাশের বাড়ির মুরব্বি আব্দুস ছামাদ কঙ্কাল চুরির বিষয়টি জানালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- কঙ্কাল চুরি