ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাকসুর নির্বাচিতদের শপথ, অনুপস্থিত আকাশ দাস

চাকসুর নির্বাচিতদের শপথ, অনুপস্থিত আকাশ দাস
×

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ | ০৭:১৬ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ | ০৭:১৮

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিজয়ীদের মধ্যে ২৫ প্রতিনিধি শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সমাজবিজ্ঞান অনুষদ ভবনের মিলনায়তনে তাদের শপথবাক্য পাঠ করান উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

এদিকে শপথ নেননি ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে বিজয়ী নির্বাহী সদস্য আকাশ দাস। এ ব্যাপারে তিনি বলেন, ‘গেলে সংঘাতমুখী পরিস্থিতি হতো বলে যাইনি। আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে, প্রশাসন নিশ্চয় তদন্ত করে ব্যবস্থা নেবে।’

গত বুধবার রাতে আকাশ তার ফেসবুকে বুয়েটে সহপাঠীকে ধর্ষণে অভিযুক্ত শ্রীশান্ত রায়ের বিষয়ে পোস্ট দেন। এটিকে ‘নারীবিদ্বেষী’ ও ‘ধর্ষণকে স্বাভাবিকীকরণ’ আখ্যা দিয়ে গণতান্ত্রিক ছাত্র জোট, ছাত্রদল, বিপ্লবী ছাত্র মৈত্রী, ইসলামী ছাত্র মজলিসসহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ মিছিল করে। তারা আকাশ দাসের নিঃশর্ত ক্ষমা ও প্রশাসনিক ব্যবস্থার দাবি জানান।
শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর সভাপতি উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া। অন্যদিকে হল সংসদের প্রতিনিধিদের শপথ পাঠ করান নিজ নিজ হলের প্রভোস্ট।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হৃদয় চন্দ্র তারুয়া ও শহীদ ফরহাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
চাকসু নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক মনির উদ্দিন বলেন, চাকসু শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অপরিহার্য অঙ্গ। নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা এখন নিয়মতান্ত্রিকভাবে নিজেদের দাবি ও মতপ্রকাশ করতে পারবে।

চাকসুর ভিপি মো. ইব্রাহীম বলেন, চাকসু নির্বাচন আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। নানা বিতর্ক ও বাধা পেরিয়ে একটি সুন্দর ক্যাম্পাস গড়ার প্রয়াস আমরা অব্যাহত রাখব। আকাশ দাসকে ঘিরে তৈরি বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।’
অনুষ্ঠানে সহউপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী, নির্বাচন কমিশনার, ডিন, সিন্ডিকেট সদস্য ও চাকসুর সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×