ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

খুলনা চেম্বারের দ্রুত নির্বাচন চান ব্যবসায়ী নেতারা

খুলনা চেম্বারের দ্রুত নির্বাচন চান ব্যবসায়ী নেতারা
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ০০:৩৯

খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন দ্রুত দেওয়ার দাবি জানিয়েছেন শীর্ষ স্থানীয় বাণিজ্যিক সংগঠনের নেতারা। সম্প্রতি ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত পরামর্শ সভায় আগামী মে মাসে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেন চেম্বারের প্রশাসক। মে পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত নির্বাচনের উদ্যোগ নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, বাণিজ্যিক সংগঠন অনুবিভাগের মহাপরিচালক ও চেম্বারের প্রশাসককে গত বৃহস্পতিবার চিঠি দিয়েছেন তারা। চিঠিতে নির্বাচিত প্রতিনিধি না থাকায় আমদানি-রপ্তানিসহ ব্যবসা পরিচালনায় নানা সমস্যার কথা তুলে ধরা হয়।

ব্যবসায়ীরা জানান, গত ডিসেম্বর মাসে খুলনা চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ করা হয়। এ নিয়োগের ১২০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। এজন্য ভোটার যাচাই-বাছাই কার্যক্রমও শুরু হয়। এরপর হঠাৎ সব বন্ধ হয়ে যায়। নির্বাচন আয়োজনের বিষয়ে মতামত নিতে গত ২৮ সেপ্টেম্বর চেম্বার ভবনে সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি নেতা এবং বহিরাগতদের উপস্থিতি ছিল বেশি। নির্বাচনের প্রস্তাব উঠতেই তারা হট্টগোল শুরু করেন। সভায় প্রকৃত ব্যবসায়ী নেতারা ভয়ে মতামত প্রকাশ করতে পারেননি। ওই সভায় আগামী বছরের মে মাসে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্যিক সংগঠনের নেতারা বলেন, চেম্বারে নির্বাচিত প্রতিনিধি না থাকায় ব্যবসা-বাণিজ্যে সৃষ্ট জটিলতা সহজে নিরসন হচ্ছে না। ব্যবসায়ী প্রতিনিধি চেম্বারের প্রধান না হওয়ায় ভ্যাট, আয়কর, কাস্টমসের নানা জটিলতা সমাধান হচ্ছে না। আমদানি-রপ্তানির ক্ষেত্রেও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন। এজন্য দ্রুত নির্বাচনের তপশিল ঘোষণা করতে অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার চিঠি দেন তারা।

এতে স্বাক্ষর করেন খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শেখ কামরুল আলম, মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ হোসেন, খুলনা ডিস্ট্রিক ইম্পোর্টাস গ্রুপের সভাপতি আবদুল হামিদ সরকার, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক শংকর কর্মকার, খুলনা বিপণী কেন্দ্রের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ানসহ ১২টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে খুলনা চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নূরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, নির্বাচনের তারিখ নিয়ে অনুষ্ঠিত সভায় বেশির ভাগ ব্যবসায়ী সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানে মে মাসে নির্বাচনের প্রস্তাব উঠলে অধিকাংশই একমত প্রকাশ করেন। এর বিপক্ষে কেউ কোনো বক্তব্য দেননি। এজন্য মে মাসে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, এখন ব্যবসায়ীরা যদি মনে করেন দ্রুত নির্বাচন হলে ভালো হবে, তাহলে সব পক্ষ একসঙ্গে বসে সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে।

আরও পড়ুন

×