বেতন পান না চার মাস, রাস্তায় নামলেন শ্রমিকরা
বেতনের দাবিতে প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন । ছবি- সমকাল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | ০৮:৪১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ | ১২:০৮
| প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। চার মাস ধরে বেতন না পাওয়ায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন তারা। গতকাল বুধবার দুপুরে তারাবো পৌরসভার আরিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এ সময় উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। ফলে সড়কের উভয় পাশে অন্তত ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কারখানার দুই শতাধিক শ্রমিক-কর্মচারী চার মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এতে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দোকানপাট থেকে বাকিতেও কেনাকাটা করতে পারছেন না, বাড়িওয়ালারা ভাড়া চাইছেন– সব মিলিয়ে চরম সংকটে পড়েছেন তারা। এক শ্রমিক বলেন, আমরা বারবার বেতন চাইলেও মালিকপক্ষ শুধু আশ্বাস দিয়েছে। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নিতে শ্রমিকদের অনুরোধ জানায় পুলিশ।
কারখানার পরিচালক মিন্টু মিয়া বলেন, আমরা এক মাসের বকেয়া পরিশোধের চেষ্টা করেছি, কিন্তু শ্রমিকরা তা মানেননি। মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।
- বিষয় :
- বেতন
- রূপগঞ্জ
- শ্রমিকদের আন্দোলন
- বকেয়া বেতন
