ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
×

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ১১:১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবারও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে ভবনের আটতলা থেকে ময়লার বস্তা নিয়ে নামার সময় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

নিহত শ্রমিকের নাম মো. রাকিব (২৬)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাধীন ১০ তলাবিশিষ্ট চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ভবনের কাজ করার সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভবনের আটতলা থেকে ময়লার বস্তা নিয়ে নামছিলেন নির্মাণশ্রমিক রাকিব। এসময় ময়লার বস্তা দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে ভারসাম্য হারিয়ে বস্তাসহ তিনি পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রথমে সাভারের ইসলামিয়া মেডিকেলে নেন।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর দেখে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এনাম মেডিকেল কলেজের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে চলতি বছরের ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন লাইব্রেরি ভবনের চারতলা থেকে পড়ে মো. আরিফুল নামের এক শ্রমিক নিহত হয়েছিলেন। 

শ্রমিক নিহতের ঘটনায় জরুরি প্রশাসনিক সভা ডেকে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার পেছনে কোনো নিয়মতান্ত্রিক ত্রুটি ও কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। সভায় আপাতত নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নিহতের পরিবারকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা দেওয়া হয়েছে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান।

তিনি বলেন, নির্মাণশ্রমিক রাকিবের মৃত্যু বেদনার ও দুঃখের। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

আরও পড়ুন

×