ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিলেট নগরীর সেই মন্দিরে এবার ঝুলল তালা

সিলেট নগরীর সেই মন্দিরে এবার ঝুলল তালা
×

সিলেটে রাধা গোবিন্দ জিউর আখড়া মন্দিরে ঝুলিয়ে দেওয়া হয় তালা। ছবি: সংগৃহীত

সিলেট ব্যুরো

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ২৩:১৯ | আপডেট: ০১ নভেম্বর ২০২৫ | ২৩:১৯

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউর আখড়া মন্দিরে এবার তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সনাতনী দুই পক্ষের বিরোধের জেরে শনিবার সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মধ্যস্থতায় তালা লাগিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে আখড়ার দেবোত্তর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের মামলাসহ একাধিক মামলা চলছে দুটি পক্ষের মধ্যে। 

স্থানীয় সূ্ত্রে জানা গেছে, শনিবার দুপুরে মন্দির কমিটির (বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে) উদ্যোগে সাধারণ সভা করতে যান সদস্যরা। তারা তালা ভেঙে সেখানে সভা করার চেষ্টা করেন। ওই সময় অন্য পক্ষ, মন্দিরের বাসিন্দারা বাধা দেন। এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সেখানে উপস্থিত হন। পরে তাঁর মধ্যস্থতায় নতুন করে মন্দিরের গেটে তালা লাগানো হয়। আগামী সোমবার তিনি বিষয়টি সমাধানের ব্যাপারে সবাইকে আশ্বস্ত করেন।

রাধা গোবিন্দ জিউর আখড়া মন্দিরের সম্পত্তি বিক্রি, হস্তান্তর ও তহবিল তছরুপের বিষয়ে ২০২৩ সালের ১৩ মার্চ আদালতে মামলা করেন আখড়ার বাসিন্দা ও ভক্ত রাহুল দেবনাথ। তিনি মামলায় আখড়ার জায়গা অবৈধভাবে হস্তান্তর ও ১২ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ করেন। মামলা তদন্তে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালত থেকে পিআইবিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

পরে পাঁচ দফা সময় নিয়ে সর্বশেষ পিবিআই তদন্ত কর্মকর্তা মোহনলাল তালুকদার মন্দির কমিটির সাবেক দায়িত্বশীলসহ ৩০ জনকে অভিযুক্ত করে চলতি বছরের এপ্রিলে প্রতিবেদন দাখিল করেন। এ ছাড়া সম্পত্তিসহ নানা বিষয়ে একাধিক মামলা চলছে। সম্প্রতি উচ্ছেদ মামলাও করা হয়। সরকার পরিবর্তনের পর সেখানকার দোকানকোঠা দখলেরও চেষ্টা চালায় একটি পক্ষ। 

এ বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, মন্দির কমিটিসহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলছে। মন্দির কমিটি একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।

মামলার বাদী রাহুল দেবনাথ জানান, জোরপূর্বক ভুয়া কমিটির লোকজন মন্দিরে তালা লাগিয়ে দিয়েছেন। এতে পূজা অর্চনা বন্ধ হয়ে গেছে। সাবেক মেয়র বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। থানা পুলিশও উভয় পক্ষকে ডেকেছে। কিন্তু থানায় তার লোকদের বসিয়ে রাখা হয়েছে।

রাহুল দেবনাথ বলেন, আখড়া পরিচালনা কমিটির অনুমোদনের জন্য ২০০৪ সালে জেলা প্রশাসকের কাছে আবেদন করলেও অনুমোদন মেলেনি। এর পর থেকে বিভিন্ন সময় কমিটি অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে।  

পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা জানান, পূজা সামনে রেখে বিভিন্ন কমিটির সদস্যদের নিয়ে সাধারণ সভা করতে তারা মন্দিরে যান। সভা শেষ করার পর হামলা করা হয়। মন্দির কারও ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। 

আরও পড়ুন

×