ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে বাণিজ্যিক ভবনে তিন দিন ধরে তালা

চট্টগ্রামে বাণিজ্যিক ভবনে তিন দিন ধরে তালা
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫ | ০৬:৪০

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মোড়ে ছয়তলা একটি বাণিজ্যিক ভবনে গত সোমবার থেকে তালা দিয়ে বন্ধ রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির দুই নেতার নির্দেশে তাদের অনুসারীরা এসএইচআর টাওয়ারে কাউকে ঢুকতে দিচ্ছেন না।
এ বিষয়ে মহানগর যুবশক্তির সদস্য সচিব আবু নাঈম মো. মোস্তফা রিমান ও যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ভবনের একটি কক্ষে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর কার্যক্রমের আলামত পেয়েছেন তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি উদ্ঘাটন না করা পর্যন্ত কাউকে ঢুকতে নিষেধ করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে টাওয়ারটির ফটক বন্ধ পাওয়া যায়। এটির মালিক এসএইচআর গ্রুপের চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান। তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলে জানা গেছে। ভবনে গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সি স্টার শিপিং লাইন্স লিমিটেডের কার্যালয় রয়েছে, এটি শিপিং করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের বাংলাদেশি এজেন্ট হিসেবে কাজ করে।

এসএইচআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বদরুল আলম বলেন, ‘মঙ্গলবার কর্মকর্তা-কর্মচারীরা অফিস করতে পারেননি। বুধবারও আতঙ্কে কেউ যাননি। বিষয়টি মীমাংসার পর্যায়ে রয়েছে। আমরা কারও বিরুদ্ধে অভিযোগ করিনি। এর বাইরে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘বাণিজ্যিক ভবন বন্ধ রাখার বিষয়ে কেউ অভিযোগ করেনি। শুনেছি কয়েক দিন আগে এনসিপির ছেলেরা সেখানে অফিস ভাড়া নিতে গিয়েছিলেন।’
ঘটনার বিষয়ে যুবশক্তির নেতা সজীব ভুঁইয়া সমকালকে জানান, সোমবার দুপুরে তারা জুলাই ফাউন্ডেশনের জন্য কার্যালয় খুঁজতে বেরিয়ে ভবনটির একটি ফ্লোরের তথ্য পান। পঞ্চমতলার একটি কক্ষে শেখ মুজিবুর রহমানের বিশাল ছবি, ভারতের পতাকা ও স্ট্যান্ডে ‘র’-এর পতাকা টাঙানো পান। রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় কক্ষটিতে তালা দিয়ে পুলিশকে তদন্তের জন্য বলা হয়েছে। তিনি বলেন, আমার মনে হয়েছে, এখানে স্পর্শকাতর নথি রয়েছে।

 

আরও পড়ুন

×