ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফরিদপুরে এমপি প্রার্থীর নির্বাচনী গেট ভাঙচুর, প্রতিবাদে ঝাড়ু মিছিল

ফরিদপুরে এমপি প্রার্থীর নির্বাচনী গেট ভাঙচুর, প্রতিবাদে ঝাড়ু মিছিল
×

ছবি: সমকাল

চরভদ্রাশন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ | ২০:৫৩ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ | ২১:০১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী রায়হান জামিলের নির্বাচনী প্রচারণার ব্যানার, ফেস্টুন ও গেট ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে শনিবার সকালে ঝাড়ু মিছিল করেছেন তার কর্মী-সমর্থকরা। সেইসঙ্গে সুষ্ঠু নির্বাচনী পরিবেশের দাবি জানিয়েছেন তারা।

‘ফরিদপুর-৪ আসনের সর্বস্তরের জনগণ’ ব্যানারে মিছিলটি বের করা হয়। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই মিছিলে শতাধিক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি রায়হান জামিলের নিজ বাড়ি উপজেলার এমপিডাঙ্গী এলাকা থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক ঘুরে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়।

মুফতি রায়হান জামিল বলেন, ‘অন্যান্য প্রার্থীরা বিভিন্ন এলাকা থেকে এসে ফরিদপুর-৪ আসনে নির্বাচন করছেন। অথচ আমি এই আসনেরই সন্তান হয়েও আমার নির্বাচনী কর্মকাণ্ডে নানা বাধার সম্মুখীন হচ্ছি।’ 

তিনি বলেন, ‘আমি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। তাই অন্যায় ও ভাঙচুরের প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি।’

আরও পড়ুন

×