মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
রোববার সকাল ১১টায় মহম্মদপুর উপজেলার আউনাড়া বাজারে সড়কের ওপর অবস্থান নেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা।
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ | ১৫:৩১ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ | ১৮:৩৭
মাগুরা-২ (মাগুর সদর, শালিখা, মহম্মদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। রোববার সকাল ১১টায় মহম্মদপুর উপজেলার আউনাড়া বাজারে সড়কের ওপর অবস্থান নেন তারা।
এ সময় ঘোষিত মনোনয়নে সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল করে কাজী কামালকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান নেতা-কর্মীরা।

জানা যায়, সকাল ১১টায় নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। এসময় তারা মিছিলে কাজী কামালের ছবিসহ প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
স্থানীয়রা জানান, তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এরই প্রতিবাদে আউনাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সড়কের ওপর সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা ‘মনোনয়ন পরিবর্তন চাই’, ‘তৃণমূলের মতামতের মূল্য দাও’ এ ধরনের বিভিন্ন স্লোগান দেন।
মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা সতর্ক অবস্থানে রয়েছি, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে।’
