উখিয়ায় সংরক্ষিত বনে আবারও হাতির মরদেহ
হাতিটির শুঁড়ের চারপাশে বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। ছবি: সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ | ০৫:০৩
কক্সবাজারের উখিয়ার বনে প্রায় ৩৫ বছর বয়সী একটি এশিয়ান জাতের পুরুষ হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। হাতিটির শুঁড়ের চারপাশে বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার ভোরে উখিয়া রেঞ্জের হরিণমারা সংরক্ষিত বন থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।
সকালে জমির পাশে হাতিকে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন স্থানীয়রা। বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, হাতিটির মৃত্যুর কারণ এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি।
তবে ঘটনাটি সন্দেহজনক হওয়ায় ময়নাতদন্ত ও ল্যাব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি, আলামত এবং স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।
স্থানীয়দের দাবি, ফসল রক্ষার নামে পাতা বৈদ্যুতিক ফাঁদে আটকে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে। হাতিটির শরীরে বিদ্যুৎস্পর্শের চিহ্ন এবং শুঁড়ে বৈদ্যুতিক তার প্যাঁচানোর আলামত পাওয়া গেছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, মৃত হাতিটি পুরুষ এবং বয়স ৩০ থেকে ৩৫ বছর। শুঁড়ের চারপাশে বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলটি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে। আশপাশের অনেক বাড়িতেই অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এর পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত ১৩ মার্চ উখিয়া রেঞ্জের জুমছড়ি পাহাড়ি এলাকা থেকে একই বয়সী আরেকটা বন্যহাতির মরদেহ উদ্ধার করেছিল বন বিভাগ। হাতিটির মুখ দিয়ে রক্ত ঝরছিল। পরে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে বন বিভাগ।
- বিষয় :
- হাতির মৃত্যু
- কক্সবাজার