শিল্প শ্রেণিতে রূপান্তরিত জমিতে বালু ভরাট
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ | ০৭:০৭
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্প শ্রেণিতে রূপান্তরিত একটি কৃষিজমিতে বালু ভরাটকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। গত সোমবার একটি শিল্প গ্রুপের কেনা জমিতে বালু ভরাট করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়ায় জামায়াতের কর্মী-সমর্থকরা পালিয়ে যান। এ ঘটনায় নেপথ্যে থেকে গ্রামবাসীকে উস্কে দেন বিএনপির নেতাকর্মীরা। বালু ভরাটের ঠিকাদারি কাজ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা এ ঘটনা ঘটান বলে স্থানীয় সূত্র জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম সৈয়দপুর সাগর উপকূলীয় এলাকা ২০২০ সালে শিল্প জোন হিসেবে ঘোষণা করে সরকার। ঘোষিত এই শিল্প জোনের এরিয়ায় উপকূলীয় কৃষিজমিও রয়েছে। এ শিল্প জোনের অধিকাংশ জায়গা সরকার থেকে বরাদ্দ বা কিনে নিয়েছে দেশের বড় শিল্পগ্রুপ গুলো। এসব শিল্প গ্রুপের মধ্যে অন্যতম প্যাসিফিক জিন্স।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শিল্প জোনে প্যাসিফিক জিন্স গ্রুপের কেনা কৃষিজমি ভরাটে স্থানীয় বিএনপি ও জামায়াতসংশ্লিষ্ট ঠিকাদারদের দুটি পক্ষ তদবির করে। জামায়াত সমর্থিত ঠিকাদার জসিম উদ্দিনকে কার্যাদেশ দেয় প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষ। গত সোমবার জসিমের কয়েকজন কর্মচারী কৃষিজমিতে বালু ভরাটের পূর্বপ্রস্তুতি হিসেবে প্যাসিফিক জিন্সের কেনা সাইটে আগাছা পরিষ্কার করতে যায়। তারা সৈয়দপুর ইউনিয়নের জামায়াতের কর্মী-সমর্থক বলে পরিচিত। এ সময় গ্রামবাসীর প্রতিরোধে ঠিকাদারের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহছেন আলী বলেন, জামায়াতের ঠিকাদারের অন্তত ২০-২৫ জনের একটি দল জোরপূর্বক জমি ভরাট করতে এসেছিল। কৃষকদের বাধার মুখে তারা দুটি রামদা, হকিস্টিক, লোহার রড ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা জামায়াত সমর্থক মোহাম্মদ মামুন বলেন, ওই এলাকায় প্যাসিফিক জিন্স কোম্পানি শিল্পপ্রতিষ্ঠান করতে ৯২ একর জমি কিনেছে। স্থানীয় কিছু বিএনপি ও যুবদলের নেতা ও কর্মী এ প্রতিষ্ঠানের কাছে গিয়ে মাটি ভরাটের কাজের জন্য ধরনা দিয়েছিল। কর্তৃপক্ষ তাদের মাটি ভরাটের কাজ না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়। মাটি ভরাটের কাজটি পান জামায়াত নেতা জসিমসহ অন্যারা। গত সোমবার সকালে মাটি ভরাটের জন্য জামায়াত নেতার কয়েকজন কর্মচারী জমির ঝঞ্জাল পরিষ্কার করতে গেলে স্থানীয় এলাকাবাসীর নামে ইউনিয়ন যুবদলের নেতা মোহছেন আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী এলাকাবাসীর নাম ব্যবহার করে হামলার চেষ্টা করে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়।
অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জসিম উদ্দিন বলেন, গত সোমবার তিনি নিজ গ্রাম কুমিরায় অবস্থান করছিলেন। ঘটনাস্থল থেকে কুমিরার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। ঘটনার সঙ্গে তাঁর কোনো ধরনের উপস্থিতি ছিল না। তবে ওই এলাকা শিল্প জোনের মধ্যে পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, পশ্চিম সৈয়দপুর বিলে ৯২ একর কৃষি জমি শ্রেণি পরবর্তন করে শিল্প শ্রেণিতে রূপান্তরিত করা হয়েছে। কিন্তু এখন সেখানে মাটি ভরাট করলে অনেক ফসল নষ্ট হবে।
- বিষয় :
- বালু উত্তোলন
