ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

ধারদেনা ও মায়ের জমানো টাকায় লেবাননে গিয়েছিলেন মিজানুর

ধারদেনা ও মায়ের জমানো টাকায় লেবাননে গিয়েছিলেন মিজানুর
×

লেবাননে নিহত মিজানুরের পরিবার- সমকাল

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০ | ০১:২৮ | আপডেট: ০৬ আগস্ট ২০২০ | ০৪:০২

লেবাননে নিহত মাদারীপুরের কালকিনি উপজেলার কাজীকান্দি গ্রামের মিজানুর রহমান খান (২৫) এর বাড়িতে বইছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

নিহতের বাড়ি গিয়ে জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে লেবাননের বেরু শহরে যান উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের কাজীকান্দি গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে মিজানুর। সেখানে একটি হোটেলে চাকরি করতেন তিনি। মঙ্গলবার লেবাননে বোমা বিস্ফোরণে মারা যান মিজানুর। আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তার পরিবার শোকে নিস্তব্ধ হয়ে পড়েছে।

ঢাকায় একটি কারখানায় মিজানুরের মা চাকরি করে কিছু টাকা জমান। এছাড়া আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করে এবং এনজিও থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে মোট ৬ লাখ টাকা দিয়ে মিজানুর লেবাননে যান। 

তিন ভাই ও এক বোনের মধ্যে মিজানুর বড়। তার স্ত্রী ও তিন বছরের এক মেয়ে রয়েছে। ঢাকায় কারখানায় কাজ করা অবস্থায় মিজানুরের মায়ের দুই হাতের ৬টি আঙ্গুল পুড়ে যায়। তিনি এখন অসুস্থ অবস্থায় গ্রামের বাড়িতেই থাকছেন। বাবা কৃষি কাজ করেন।

মিজানুর রহমান

মিজানুরের বাবা জাহাঙ্গীর খান বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে আমার সঙ্গে শেষ কথা হয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি মিজান বোমা বিস্ফোরণে মারা গেছে। আমি আমার সন্তানের লাশ দ্রুত দেশে ফেরত চাই। 

কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম মৃধা বলেন, মিজানুরের মারা যাওয়ার কথা শুনেছি। তার পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতাসহ যত ধরনের সহযোগিতা লাগবে আমি তা করবো। লাশ দ্রুত দেশে আনার জন্যও আমি চেষ্টা করবো।

আরও পড়ুন

×