লেবাননে বিস্ফোরণে কসবার আরও এক তরুণ নিহত, আহত ৫
রাসেলের স্বজনদের আহাজারি - সমকাল
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০৬ আগস্ট ২০২০ | ০৩:০০ | আপডেট: ০৬ আগস্ট ২০২০ | ০৩:৪১
লেবাননের বৈরুতে বিস্ফোরণের ঘটনায় মো. রাসেল (২২) নামে ব্রাহ্মণবাড়িয়ার আরও এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
নিহত রাসেল জেলার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে।
কাইমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিস্ফোরণে রাসেলের বড় ভাই সাদেক মিয়া আহত হয়ে বৈরুতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি জানান।
এদিকে বিস্ফোরণের ঘটনায় উপজেলার বিনাউটি ইউনিয়নের গাববাড়ি গ্রামের মৃত জহুর আলীর ছেলে মো. সুমন ভূঁইয়া, তার স্ত্রী শিরিনা আক্তার, তিন বছরের মেয়ে সামিরা, ভাগ্নে শাওন ভূঁইয়া আহত হয়েছেন। তারা সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সুমনের বড় ভাই কবির আহমেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাসেলের পরিবার ও স্থানীয় লোকজন জানিয়েছেন, তিন ভাই ও দুই বোনের মধ্যে রাসেল সবার ছোট। প্রায় চার বছর আগে রাসেল লেবাননে পাড়ি জমান। তার বড় ভাই সাদেকও লেবাননেই থাকেন। রাসেল বৈরুতে একটি তেলের পাম্পে চাকরি করতেন। রাসেলের মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
উল্লেখ্য, বৈরুতের বিস্ফোরণের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের তাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান রনি (২৫) নিহত হয়েছেন। তিনি ২০১৪ সালের মার্চ মাসে লেবাননে যান।
- বিষয় :
- বৈরুতে বিস্ফোরণ