মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
বুধবার সকালে জেলার একটি মাঠ থেকে তোলা। ছবি- সমকাল।
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ | ১৩:০০ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ | ১৪:০২
শীতে কাপছে উত্তরের জেলা দিনাজপুর। কয়েকদিন ধরেই ক্রমান্বয়ে কমছে তাপমাত্রা। সেই সঙ্গে দেখা দিয়েছে হিমেল বাতাস। এর ফলে বেড়েছে মানুষের দুর্ভোগ।
আজ বুধবার এই জেলার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা সারাদেশের মধ্যে সর্বনিম্ন। শুধু আজকেই নয়, এই তাপমাত্রা চলতি শীত মৌসুমে সারাদেশের মধ্যেই সর্বনিম্ন। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এই মাসেই জেলার ওপর দিয়ে বয়ে যাবে শৈত্যপ্রবাহ।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র সূত্রে জানা যায়, আজ বুধবার এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটার এবং গড় আদ্রতা ৮১ শতাংশ।
এর আগে গতকাল মঙ্গলবার এই জেলার তাপমাত্রা ছিল ১৩ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দেশের যেসব জেলাগুলোতে শীতের প্রকোপ বেশি হয়ে থাকে তার মধ্যে উত্তরের জেলা দিনাজপুর অন্যতম। ভৌগলিক অবস্থানের কারণে এ জেলায় শীতের প্রভাব বরাবরই তুলনামূলক বেশি হয়। গত কয়েকদিন থেকে ক্রমেই নামছে এ জেলার তাপমাত্রার পারদ।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগ বাড়ছে। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন ঠিকভাবে কাজে বের হতে পারছেন না। ফলে তাদের আয় রোজগারে ভাটা পড়েছে। আর দুস্থ ও অসহায় মানুষের মধ্যে দেখা দিয়েছে গরম কাপড়ের চাহিদা।
দিনাজপুরের সদর উপজেলার মাসিমপুর এলাকার কৃষক সিরাজুল ইসলাম বলেন, এই শীতের সময়ে লোকজন কাজে বের হতে পারছেন না। এখন সবজি খেতে বেশ কাজ। কিন্তু শীতের কারণে মানুষজন কাজে আসছেন না। আমি নিজেও কাজ করতে পারছি না।
সদরের মোস্তানবাজার এলাকার রফিকুল ইসলাম বলেন, আমাদের এই মৌসুমটা বেশ কষ্টের। এই মৌসুমে তীব্র শীতের কারণে আমরা কাজে যেতে পারি না। একদিন কাজ করলে আরেকদিন বসে থাকতে হয়। ফলে আমাদের রোজগার কম হয়।
নিমতলা এলাকায় কথা হয় অটোচালক প্রদীপ রায়ের সঙ্গে। তিনি বলেন, আমাদের এই শীতে অটো নিয়ে বের হতেও সমস্যা হয়। খুব সকালে বেশি লোকজন থাকে না, রাস্তাঘাট ফাঁকা। আবার রাত একটু গভীর হলেই লোকজন শুন্য। দিনের সময়টাতে সামান্য ভাড়া পাওয়া যায়।
একই এলাকায় অটোচালক রফিকুল ইসলাম বলেন, এই শীতের সবচেয়ে বেশি সমস্যা হয় বাতাস হলে। দুদিন ধরে একটু বাতাস বইছে। ফলে আমাদের অটো চালাতেও সমস্যা হচ্ছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ডিসেম্বর জুড়েই তীব্র শীত দেখা দেবে। ক্রমান্বয়ে তাপমাত্রা কমছে এবং শীতের তীব্রতা বাড়ছে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে। এছাড়া এই মাসেই জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বিরাজ করবে বলেও জানান তিনি।
- বিষয় :
- দিনাজপুর
- তাপমাত্রা
- শীত
- সর্বনিম্ন তাপমাত্রা
