ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জয়পুরহাটে ভোররাতে স্ট্যান্ডে থাকা বাসে আগুন

জয়পুরহাটে ভোররাতে স্ট্যান্ডে থাকা বাসে আগুন
×

পুড়ে যাওয়া বাস। ছবি: সমকাল

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ | ১৬:৪৮

জয়পুরহাটের আক্কেলপুরে বাসস্ট্যান্ডে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর ৪টার দিকে পৌর এলাকার আমুট্ট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

যান্ত্রিক ত্রুটির কারণে বাসে অগ্নিকাণ্ডের ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে জেলা বাস মালিক সমিতি বলছে, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে।

বাস মালিক, স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আক্কেলপুর-বগুড়া রুটে চলাচলকারী আল্লাহর দান পরিবহনের বাসটি মঙ্গলবার সন্ধ্যা সাতটার পর আমুট্ট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে রেখে চালক বাড়ি যান। বুধবার ভোররাত ৪টার দিকে ওই বাসে আগুন দেখতে পান অন্য বাসে থাকা বাসশ্রমিকরা। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী বাসশ্রমিক সিদ্দিক বলেন, ‘আমি পাশের একটি বাসে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। উঠে দেখি আল্লাহর দান পরিবহনের বাসটি পুড়ছে। পরে ফায়ার সার্ভিস ও বাস মালিককে ফোন করে বিষয়টি জানাই। ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলেন।’

বাসমালিক আফজাল হোসেন বলেন, ‘ আগুনের বাসের ভেতরের পুরো অংশ পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা এখনো জানতে পারিনি।’

বগুড়া জেলা বাসমালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাদু বলেন, ‘আক্কেলপুর-বগুড়া রুটে চলাচলকারী সকল বাস এই স্ট্যান্ডে থাকে। বুধবার ভোররাতে দুর্বৃত্তরা ওই বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ভোর রাতে বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। নাশকতা না অগ্নিকাণ্ড, তা উদঘাটনে তদন্ত চলছে।

আরও পড়ুন

×