ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন
×

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ | ২১:০১

ফরিদপুর শহরের নিলটুলি স্বর্ণকারপট্টি এলাকায় একটি বহুতল ভবনের পাইলিং কাজের সময় পাশের একটি দ্বিতল ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। এতে ভবনটির ভেতরে থাকা আরএফএল বেস্টবাই শোরুম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ আহত হয়নি।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন বহুতল ভবনের মালিকরা কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পাইলিং করছিলেন। পাইলিং চলাকালেই পাশের ভবনে ফাটল দেখা দেয় এবং দ্রুত তা ধসে পড়ে। ভবনটির ভেতরে থাকা শ্রমিক ও শোরুমের কর্মীরা সময়মতো বের হয়ে আসায় বড় দুর্ঘটনা এড়ানো যায়।

ধসে পড়া ভবন ও বেস্টবাই ফ্র্যাঞ্চাইজির মালিক মনিরা খাতুন বলেন, নির্মাণাধীন ভবনের মালিকদের বারবার সতর্ক করা হয়েছিল। নিয়ম না মেনে রাতের বেলায় তাঁর ভবনের নিচের মাটি সরানো হয়েছে। পৌরসভার নিয়ম ভাঙা হয়েছে, তিন ফুট দূরত্বও মানা হয়নি। তিনি দাবি করেন, তাঁর প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং এর বিচার চান।

শহরের বাসিন্দা ও জেলা শ্রমিক দলের সভাপতি মোজাফফর আলী মুসা বলেন, পৌরসভার সঠিক তদারকির অভাবেই এমন দুর্ঘটনা ঘটেছে। ভবন নির্মাণের অনুমোদন ও নিয়ম মানা নিশ্চিত করা পৌরসভার দায়িত্ব।

নির্মাণাধীন ভবনের মালিক সঞ্জয় সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার এসআই মাসুদ আলম বলেন, এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে।
পৌরসভার প্রশাসক মো. সোহরাব হোসেন বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×