হবিগঞ্জ মুক্ত দিবস উদযাপন
যোদ্ধা ও জনতার প্রতিঘাতে বিজয়
হবিগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিশেষ র্যালি সমকাল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ | ০৭:১৮
| প্রিন্ট সংস্করণ
যথাযথা মর্যাদা ও সম্মান নিবেদনে উদযাপিত হলো হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনতার সম্মিলিত প্রতিঘাতের মুখে উচ্ছেদ হয় শত্রুশিবির। পরাজিত হয়ে সেখান থেকে পালিয়ে যায় খুনে পাকিস্তানি সেনারা। গা ঢাকা দেয় তাদের এ দেশীয় দোসর রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যরা।
ঐতিহাসিক সেই বিজয়ের প্রতি শ্রদ্ধা নিবেদনে শনিবার প্রথমেই হবিগঞ্জ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে র্যালি ও আলোচনা সভা হয়।
দ্বিতীয় পর্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, পুলিশ সুপার ইয়াছমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মঈনুল হক প্রমুখ। আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ তারিখ রাতে পাকিস্তানি সেনাক্যাম্প ঘিরে শুরু হয় গেরিলা হামলা। মুক্তিবাহিনীর গেরিলা যোদ্ধাদের সঙ্গে শত্রু উচ্ছেদে অংশ নেন সেখানকার সাধারণ মানুষ।
৬ তারিখ এক সূর্যোদয়ে আলোকিত হয় হবিগঞ্জ। ভোরের আগেই বিধ্বস্ত পাকিস্তানি সেনা আর তাদের দোসর রাজাকাররা শহর ছেড়ে
পালিয়ে যায়। হবিগঞ্জ সদর থানা কম্পাউন্ডে লাল-সবুজের নিশান উড়িয়ে বিজয়ের ঘোষণা দেয় হবিগঞ্জের বীর সেনারা।
- বিষয় :
- র্যালি
