ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শনির আখড়ার ইউটার্ন খুলছে ১৬ ডিসেম্বর

শনির আখড়ার ইউটার্ন খুলছে ১৬ ডিসেম্বর
×

প্রস্তুত শনির আখড়া ইউটার্ন সমকাল

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৩

| প্রিন্ট সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া ও রায়েরবাগের মধ্যে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইউটার্ন ১৬ ডিসেম্বর খুলে দেওয়া হচ্ছে।
গতকাল বুধবার দুপুরে মহাসড়কের শনির আখড়ায় গিয়ে দেখা গেছে, ইউটার্নের কাজ শেষ করা হয়েছে। উদ্বোধনের আগে যানবাহন চলাচল ঠেকাতে রোড ব্লক দিয়ে সেটি আটকে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান হাসমত অ্যান্ড ব্রাদার্সের মালিক হাসমত আলী হাসু বলেন, প্রকল্পের কাজ শেষ করেছি। এখন সড়ক ও জনপথ বিভাগ শিমরাইলের কর্মকর্তারা যানবাহন চলাচলের জন্য এটি খুলে দেবেন।
শনির আখড়ার বাসিন্দা মো. কামরুজ্জামান বলেন, ইউটার্নটি চালু হলে মাতুয়াইলের ইউটার্নের ওপর চাপ কমে যাবে। রায়েরবাগ, শনির আখড়া ও দনিয়াগামী গাড়িগুলো শনির আখড়ার ইউটার্ন দিয়ে যাতায়াত করার সুফল ভোগ করবে। রায়েরবাগের বাসিন্দা আবুল হোসেন এবং মো. শাহআলম বলেন, ইউটার্নের উত্তর পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় কিছু দোকানপাট ও গ্যারেজ রয়েছে। সেগুলো উচ্ছেদ করা না হলে এর নেতিবাচক প্রভাব ইউটার্নে পড়বে। 

গত ফেব্রুয়ারিতে ইউটার্ন প্রকল্পের টেন্ডার আহ্বান করা হয়। গত ১২ আগস্ট ছিল কাজের শেষ সময়। কিন্তু সেখানে ডিপিডিসির আটটি বৈদ্যুতিক খুঁটি থাকায় কাজ থমকে পড়ে। এ নিয়ে গত ২১ সেপ্টেম্বর সমকালে ‘বিদ্যুতের ৮ খুঁটিতে আটকে গেছে ১৩ কোটি টাকার প্রকল্প’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এর পর ডিপিডিসি খুঁটি সরিয়ে নিলে প্রকল্পের কাজ আবার শুরু হয়।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ শিমরাইলের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আহসান উল্লাহ মজুমদার বলেন, ঢাকা সড়ক ভবন থেকে ইউটার্নের রোড সেফটি পরিদর্শন করা হবে। এর পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী ট্রাফিক বিভাগের ডিসির সঙ্গে পরামর্শ করে এটি ১৬ ডিসেম্বরের মধ্যেই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার চিন্তাভাবনা করছি। ওয়ারী ট্রাফিক বিভাগের ডিসি মো. আজাদ রহমান বলেন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপ হয়েছে। ইউটার্নটি তারা ১৬ ডিসেম্বরের মধ্যেই যানবাহনের জন্য খুলে দেবেন।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ শিমরাইলের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ১৬ ডিসেম্বর  ইউটার্নটি যানবাহন চলাচলের জন্য খুলে দেব। 

আরও পড়ুন

×