চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ০২:৩২
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে আগুন দিয়েছে একদল বিক্ষুব্ধ যুবক। বৃহস্পতিবার রাত ১১টার পরে ছাত্র-জনতার ব্যানারে এসব যুবক চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে নওফেলের চশমা হিলের বাসভবনে যান। প্রথমে তারা ভবনের নিচে থাকা একটি মোটরসাইকেল ও আসবাবপত্রে আগুন দেন। এরপর তারা বাসার ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলের দিকে গেলেও লোকজনের বাধায় বাসভবন পর্যন্ত পৌঁছাতে পারেননি।
মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে। এর আগেও এই বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছিল। তবে বৃহস্পতিবার রাতে যখন অগ্নিসংযোগ করা হয়, তখন বাসায় কেউ ছিলেন কিনা তা জানা যায়নি। চশমা হিলের বাসাটির অবস্থান ষোলশহর দুই নম্বর গলি থেকে আনুমানিক এক কিলোমিটার দূরত্বে মেয়র গলিতে।
শুক্রবার সকালে দেখা যায়, ভবনটির সামনে পড়ে ছিল কঙ্কালসার পোড়া মোটরসাইকেল। পুড়ে ছাই হয়ে আছে আসবাবপত্রগুলোও। উঁকি দিয়ে দেখছিলেন কৌতুহলী মানুষ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যুর বিষয়টি জানাজানির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র-জনতার বিভিন্ন পক্ষ থেকে নগরীর ষোলশহর দুই নম্বর গেটে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। কিছু সময়ের মধ্যে সেখানে বিপুল সংখ্যক লোকজন জড়ো হন। তাদের বেশিরভাগই তরুণ। এক পর্যায়ে সেখান থেকে মিছিল নিয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক মন্ত্রী নওফেলের বাসভবনের দিকে যান। সেখানে গিয়ে ভবনের নিচে থাকা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ সময় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লোকজন ফোন করে বিষয়টি জানালে দমকল কর্মিরা সেখানে ছুটে যান। তবে তারা ভীড়ের কারণে সেখানে পৌঁছতে হিমশিম খায়।
এ বিষয়ে জানতে বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিনের ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে শুক্রবার সন্ধ্যা সাতটায় ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কেন্ট্রাল রুমে যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা জানান, তারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের দিকে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই বাসভবন পর্যন্ত পৌঁছাতে না পেরে ফিরে আসেন।
- বিষয় :
- চট্টগ্রাম
- মহিবুল হাসান চৌধুরী নওফেল
- আগুন
