গ্রামীণ রাস্তায় মাটির স্তূপ ও গর্ত খুঁড়ে চলাচল বন্ধ
খুলনার ডুমুরিয়া উপজেলার বয়ারসিং-কুলবাড়িয়া সড়কে ফেলে রাখা মাটি সমকাল
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ০৭:৫৯
| প্রিন্ট সংস্করণ
খুলনার ডুমুরিয়ায় গ্রামীণ রাস্তায় ভেকু দিয়ে (এক্সক্যাভেটর) গর্ত খুঁড়ে ও মাটির স্তূপ তৈরি করে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন এক ইটভাটা মালিক। উপজেলার আটলিয়া ইউনিয়নের বয়ারসিং গ্রামের বয়ারসিং-কুলবাড়িয়া গ্রামীণ রাস্তায় এ ঘটনা ঘটেছে। এতে যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন দুই ইউনিয়নের অন্তত ১০ গ্রামের মানুষ।
এলাকাবাসী জানান, বয়ারসিং গ্রামের ভাই-ভাই ইটভাটার মালিক রঞ্জন সরদার তাঁর ইটভাটাসংলগ্ন গ্রামীণ রাস্তায় সম্প্রতি গর্ত খুঁড়ে ও মাটির স্তূপ তৈরি করে রাস্তাটি বন্ধ করে দেন। এতে উপজেলার আটলিয়া ও শোভনা দুই ইউনিয়নের বয়ারসিং, আঁধারমানিক, সুন্দরবুনিয়া, গোলাবদহ, কুলবাড়িয়া, নিচুখালী, মটবাড়িয়া, বাদুরগাছা, বাগআঁচড়া ও পারমাদারতলা গ্রামের বাসিন্দাদের চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন তারা।
গ্রামবাসীর ভাষ্য, গ্রামীণ রাস্তাটি দিয়ে কয়েক যুগ ধরে জনসাধারণ যাতায়াত করে আসছে। রাস্তায় গর্ত খুঁড়ে জনসাধারণের চলাচল বন্ধ করার জন্য ভাটা মালিক কর্তৃপক্ষের অনুমতি নেননি, গ্রামবাসীর কথাও শোনেননি। প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীকে মিথ্যা মামলায় হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ইটভাটা মালিক রঞ্জন সরদার ওই গ্রামীণ রাস্তাসংলগ্ন নদীর চরের ছয় বিঘা সরকারি জমি অবৈধ দখলে নিয়েছেন।
বয়ারশিং গ্রামের শংকর মণ্ডল ও দীপক মণ্ডল জানিয়েছেন, তালতলা নদীর চর ঘেঁষে গ্রামীণ সড়কটির সম্পূর্ণ সরকারি জায়গায় অবস্থান। এ সড়কের কাছেই কাঁঠালতলা-মাগুরখালী পাকা সড়ক। গ্রামীণ সড়কটি বন্ধ হওয়ায় ১০ মিনিটের পথ এখন এক ঘণ্টারও বেশি সময় ধরে ভিন্ন কাঁচা রাস্তা ধরে পাকা সড়কে পৌঁছাতে হচ্ছে।
এ বিষয়ে ইটভাটা মালিক রঞ্জন কুমার সরদারের ভাষ্য, সম্প্রতি তাঁর ইটভাটা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। তা ছাড়া ওই রাস্তায় বহিরাগত লোকজনের চলাফেরা ও আনাগোনা বেশি। এ কারণে সড়কটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি জায়গার ওপর রাস্তা, এটি বেশি দিন বন্ধ রাখা যাবে না। দ্রুতই খুলে দেওয়া হবে।
ডুমুরিয়ার ইউএনও সবিতা সরকার বলেন, বিষয়টি তাঁকে কেউ জানায়নি। খবর নিয়ে দ্রুতই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মাটি
