ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিশ্বকাপে দুই ভাইয়ের দুই পথ

বিশ্বকাপে দুই ভাইয়ের দুই পথ
×

দুই ভাই গুয়েলা দুয়ে ও দেজিরে দুয়ে। ছবি-সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৫:২৮

বড় ভাই গুয়েলা দুয়ের জন্ম ১৭ অক্টোবর ২০০২ সালে, আর ছোট ভাই দেজিরে দুয়ের জন্ম ৩ জুন ২০০৫ সালে। দুজনেরই জন্ম ফ্রান্সের আনশেই শহরে। দেশটির স্তাদে রেনেঁর একাডেমি থেকে উঠে এসেছেন এবং একসময়ে একই দলে খেলেছেনও। দেজিরে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির অ্যাটাকিং মিডফিল্ডার। অন্যদিকে গুয়েলা লিগ ওয়ানের আরেক ক্লাব আরসি স্ট্রাসবুর্গের নির্ভরযোগ্য রাইট-ব্যাক। জন্ম এক দেশে হলেও দুই ভাই বেছে নিয়েছেন ভিন্ন দুই জাতীয় দল; একজন মায়ের দেশ ফ্রান্স, অন্যজন বাবার দেশ আইভরি কোস্ট। বিশ্বকাপে ভিন্ন দুটি জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে আজ প্রীতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছেন ফ্রান্সের হয়ে দেজিরে দুয়ে ও আইভরি কোস্টের হয়ে গুয়েলা দুয়ে। প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও আইভরি কোস্ট। 

দেজিরে দুয়ের বয়স যখন মাত্র পাঁচ বছর, তখনই ফরাসি ক্লাব রেনের কর্তাদের নজরে আসেন তিনি। ​ইংল্যান্ডভিত্তিক ক্লাবটির অনূর্ধ্ব-৯ দলের ট্রায়ালে বড় ভাই গুয়েলার পারফরম্যান্স পরখ করছিলেন কোচরা। আর দেজিরে তখন সাইডলাইনের পাশে একটি জীর্ণ ফুটবল দিয়ে  বল বাতাসে ভাসিয়ে রাখার ড্রিবলিং করছিলেন। ট্রায়াল শেষে ক্লাবটি আর দেরি না করে এই প্রতিভাবান দুই ভাইকেই নিজেদের দলে টেনে নেয়।

সেদিন কেউ ভাবতেও পারেনি, এটিই দুয়ে ভাইদের এক গৌরবময় যাত্রার সূচনা হতে যাচ্ছে। ২০২২ সালের আগস্টে রেনের মূল দলে অভিষেক হওয়ার পর থেকে দেজিরে নিজের বিপুল সম্ভাবনার শতভাগ প্রমাণ করেছেন। অন্যদিকে, গুয়েলার মূল দলে প্রতিযোগিতামূলক অভিষেক হয় তার পরের বছরের ফেব্রুয়ারিতে। স্ট্রাসবার্গের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের সেই ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন তাঁর ১৭ বছর বয়সী ছোট ভাইয়ের বদলি হিসেবে, যে ভাই ততক্ষণে এক গোল ও এক অ্যাসিস্টের বিধ্বংসী পারফরম্যান্স উপহার দিয়ে মাঠ ছাড়ছিলেন।

শৈশবের ক্লাবে দারুণ আলো ছড়ানোর পর ২০২৩-২৪ মৌসুমের শেষে দুই ভাই-ই নতুন ঠিকানার খোঁজে নামেন। ২০২৪ সালের জুলাইয়ে গুয়েলা যোগ দেন স্ট্রাসবার্গে, আর তার ঠিক এক মাস পর দলবদলের বাজারে তুমুল চাহিদার মুখে থাকা দেজিরে একটি হাই-প্রোফাইল চুক্তিতে যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইতে। ​শুধু ভিন্ন ক্লাবের হয়ে খেলাই নয়, ফরাসি মা ও আইভরিয়ান বাবার ঘরে জন্ম নেওয়া এই সন্তানরা আন্তর্জাতিক ফুটবলেও বেছে নিয়েছেন আলাদা পথ। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের প্রথম বিশ্বকাপ অভিযানে তারা এখন প্রতিনিধিত্ব করছেন দুটি ভিন্ন দেশের।

২০২৪ সালের মার্চে বেনিন ও উরুগুয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য প্রথম ডাক পাওয়ার পর থেকে গুয়েলা আইভরি কোস্ট জাতীয় দলের একজন নিয়মিত মুখ হয়ে উঠেছেন। আর দেজিরে গত বছরের মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজের জন্মভূমি ফ্রান্সের সিনিয়র দলের হয়ে প্রথম মাঠে নামেন। মাত্র ছয়টি ম্যাচ খেলা দেজিরেকে বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াডে রাখেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

উত্তর আমেরিকা বিশ্বকাপে এবার পারিবারিক সৌহার্দ্য এক বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে। শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স তাদের জার্সিতে তৃতীয় তারকাটি যোগ করার মিশনে নামছে, যা হবে কোচ দেশমের জন্য সবচেয়ে উপযুক্ত বিদায়ী উপহার। অন্যদিকে, সাম্প্রতিক ইতিহাসের অন্যতম সেরা ও রোমাঞ্চকর প্রতিভা নিয়ে গড়া গুয়েলার আইভরি কোস্ট টুর্নামেন্টের ডার্ক হর্স প্রমাণিত হতে পারে। আমাদ দিয়ালো, ইয়ান দিওমান্দে ও নিকোলাস পেপের মতো তারকারা এবার পশ্চিম আফ্রিকার এই দেশটিকে ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্বের বৈতরণী পার করাতে মরিয়া।

আরও পড়ুন

×