ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আইনজীবী আলিফ হত্যা: বিচার শুরুর জন্য মামলা জজ আদালতে স্থানান্তর

আইনজীবী আলিফ হত্যা: বিচার শুরুর জন্য মামলা জজ আদালতে স্থানান্তর
×

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৫:০৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৫:৩০

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর ছিদ্দিকের আদালত এ আদেশ দেন। আলিফ হত্যা মামলার চার্জশিটে ৩৯ আসামির মধ্যে ১৭ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে পেপার বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারা নির্ধারিত ৩০ দিনের মধ্যে আদালতে হাজির হননি। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জারি করা হয়েছে।

চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিট দাখিলের পর সকল বিচারিক কার্যক্রম শেষ করে তা বিচার শুরুর জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আলিফের বাবা মামলার বাদী জামাল উদ্দিনের উপস্থিত শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।

চার্জশিটে আসামিদের মধ্যে রয়েছেন- চন্দন দাশ মেথর, রিপন দাশ, রাজীব ভট্টাচার্য্য, শুভ কান্তি দাশ, আমান দাশ, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত প্রকাশ দাস, রুমিত দাস, নয়ন দাশ, ওমকার দাশ, বিশাল, লালা দাশ, সামীর, সোহেল দাশ, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, লালা মেথর, দুর্লভ দাস, সুমিত দাশ, সনু দাস, সকু দাস, ভাজন, আশিক, শাহিত, শিবা দাস ও দ্বীপ দাস।

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। গত ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সিএমপির কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। এতে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৮ জনকে আসামি করে অভিযুক্ত করা হয়। গত ২৫ আগস্ট তৎকালীন আদালতে চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সুকান্ত দত্তসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছিলেন আদালত।

আরও পড়ুন

×