শত বছর পরেও খালেদা জিয়া মানুষের হৃদয়ে থাকবেন: জহির উদ্দিন স্বপন
গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় বক্তব্য দেন এম. জহির উদ্দিন স্বপন। ছবি: সমকাল
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | ১১:৪২ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ | ১১:৪৫
শত বছর পরেও প্রয়াত বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে দলটির মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, আজ থেকে শত বছর পরেও আপোসহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের মানুষের হৃদয়ের মনি কোঠায় থেকে যাবে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে স্থান পাবে। জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়া সবার হৃদয়ে অনেক বেশি চিরঞ্জীবী।
গতকাল শনিবার বিকেলে বরিশালের গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, একজন গৃহবধূ থেকে রাজপথের দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতন্ত্রের মা। মৃত্যুর পরে তিনি স্বীকৃতি পেয়েছেন দেশের সাধারণ জনগণের মা হিসেবে। দৃঢ় চেতা নেতৃত্বের মাধ্যমে তিনি বারবার আমাদের হারানো গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন-বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মন্টু, গৌরনদী উপজেলা মহিলা দলের আহ্বায়ক তাসলিমা আক্তার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, নাগরিক সমাজের প্রতিনিধি মাওলানা আব্দুল বাতেন নোমান, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এএসপি শান্তনু ঘোষ, গৌরনদী ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার লিটন গোমেজ, বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরনদী উপজেলা শাখার আহ্বায়ক তপন কুমার রায়, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান, আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সালামা বেগম।
শোকসভা শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
- বিষয় :
- খালেদা জিয়া
