যৌন নিপীড়নের অভিযোগ
খুবি অধ্যাপককে ২ বছর ক্লাস-পরীক্ষা থেকে বিরত রাখার নির্দেশ
খুলনা ব্যুরো
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | ১৯:০১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ | ১৯:০৯
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান এক চিঠিতে এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, গতবছর আগস্ট মাসে অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে অশালীন আচরণ, যৌন হয়রানি ও অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন এক নারী শিক্ষার্থী। কিছুদিন পর অন্য বিভাগের আরেক নারী শিক্ষার্থী একই ধরনের পৃথক আরেকটি অভিযোগ করেন। অভিযোগ দুটি তদন্তের জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়।
গত ২৬ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি নিপীড়ন নিরোধ কেন্দ্রের তদন্ত কমিটি দুটি প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন দুটি গত ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেট সভায় উত্থাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান জানান, সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে একটি অভিযোগ থেকে অধ্যাপক রুবেল আনছারকে অব্যাহতি দিয়েছে। অন্য অভিযোগে আগামী দুই বছর বাংলা ডিসিপ্লিনে পাঠদান, পরীক্ষার কাজসহ সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়। রোববার তাকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
এক প্রশ্নের উত্তরে রেজিস্ট্রার জানান, ক্লাস-পরীক্ষা থেকে বিরত থাকলেও এই সময় অধ্যাপক ড. রুবেল আনসার বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এ বিষয়ে অধ্যাপক ড. রুবেল আনসার সমকালকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চিঠি পেয়েছি। পরে ভেবে চিন্তে এ বিষয়ে কথা বলব।’
- বিষয় :
- যৌন নিপীড়ন
- খুলনা বিশ্ববিদ্যালয়
