ফরিদপুরে উদ্ধার বোমা ২৪ ঘণ্টা পর নিষ্ক্রিয়
ফরিদপুর অফিস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | ২১:০২
ফরিদপুর শহরে উদ্ধার করা একটি শক্তিশালী বোমা শনাক্তের ২৪ ঘণ্টা পর নিষ্ক্রিয় করা হয়েছে। রোববার সকাল ১০টায় শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বিশেষ ব্যবস্থায় সেটি নিষ্ক্রিয় করেন পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের বম্ব ডিসপোজালের পরিদর্শক শংকর কুমার ঘোষ বলেন, উদ্ধার বোমাটি শক্তিশালী আইডি (ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) এবং রিমোর্ট কন্ট্রোলযুক্ত (নিয়ন্ত্রিত)। এটি সাধারণ বোমা থেকে শক্তিশালী ও প্রাণঘাতী।
সরেজমিন দেখা যায়, বোমাটি নিষ্ক্রিয়করণে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিটের ১০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রথমে তারা বিশেষ নিরাপত্তা পোশাক পরিধান করে বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা বোমার সঙ্গে একটি বিশেষ তার যুক্ত করেন। এ সময় বুলেট প্রুফ সরঞ্জাম দিয়ে বোমাটি ঢেকে রাখেন তারা। প্রায় ১০০ মিটার দূর থেকে তারযুক্ত যন্ত্রের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। পরে আলামত সংগ্রহ করে ঘটনাস্থল ত্যাগ করেন বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
শনিবার সকাল ১০টার দিকে ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকা আলীপুর আলীমুজ্জামান সেতুর পূর্ব-দক্ষিণ প্রান্ত থেকে বোমা রাখা সন্দেহে একটি নীল রঙের ব্যাগ জব্দ করেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। পরে ব্যাগে শক্তিশালী বোমা শনাক্ত করা হয়।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
- বিষয় :
- ফরিদপুর
- বোমা উদ্ধার
- বোমা
