ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চট্টগ্রাম-১৫ আসন

বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা দলের বঞ্চিতরা

বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা দলের বঞ্চিতরা
×

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ১০:০৯

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে একাট্টা হয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন দলের মনোনয়নবঞ্চিত তিন নেতা। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় এ ঘোষণা দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ও অপর যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন চারজন। তাদের মধ্যে গত ৩ ডিসেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিনকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন প্রদানের দিনই দলের অপর মনোনয়নপ্রত্যাশী মুজিবুর রহমানের সমর্থকরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন দিয়ে অবরোধ করে। শুধু তাই নয়, নাজমুল মোস্তফার মনোনয়ন পরিবর্তন করে মুজিবকে মনোনয়ন দিতে দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের জন্য সাতকানিয়া এলাকায় দফায় দফায় মশাল মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন মুজিবের সমর্থকরা। অন্য দুই প্রার্থী অধ্যাপক শেখ মহিউদ্দিন ও জামাল হোসেন মনোনয়ন না পাওয়া নিয়ে মান-অভিমানের কোনো প্রতিফলন ঘটাননি। এ ছাড়া অপর মনোনয়নপ্রত্যাশী শেখ মহিউদ্দিন দলের সিদ্ধান্তের প্রতি অটল থেকে প্রথম থেকেই নাজমুল মোস্তফার গণসংযোগ, উঠান বৈঠকসহ নির্বাচনী প্রচারে অংশ নেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে মনোনয়নবঞ্চিত নেতাদের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিলে মুজিব ও জামাল ধানের শীষের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বলেন, কিছুদিন আগেও দলীয় নেতাকর্মী যারা দ্বিধাবিভক্ত ছিলেন, এখন থেকে সবাই মান-অভিমান ভুলে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন। এটা দলের চেয়ারম্যান তারেক রহমানের মেসেজ।

অপর মনোনয়নবঞ্চিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, ‘দলের হাইকমান্ডের নির্দেশে নির্বাচনে আমরা শুধু চারজন নন, এ আসনের জাতীয়তাবাদী পরিবার ঐক্যবদ্ধ হয়েছি। নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ আছি।’

দক্ষিণ জেলা বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বলেন, আগে মান-অভিমান থাকলেও এখন থেকে কোনো মতভেদ নেই।  ধানের শীষকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের কাজ করতে আহ্বান জানান তিনি। 

বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, চট্টগ্রাম-১৫ আসন থেকে তিনিসহ যারা মনোনয়নপ্রত্যাশী ছিলেন, মনোনয়ন চূড়ান্ত না হওয়ায় সবাই একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলেন। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর আগে যেমন তারা ঐক্যবদ্ধ ছিলেন, বর্তমানেও তেমন ঐক্যবদ্ধ। এ আসনে ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ নির্বাচনে হারাতে পারবে না, অতীত ইতিহাস তাই বলে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু বলেন, বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মতভেদ ভুলে একসঙ্গে কাজ করার ঘোষণা দলের তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। বিষয়টি তৃণমূল নেতাকর্মীরা ইতিবাচকভাবে নিয়েছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদ্যবিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন আবদুল্লাহ বলেন, মতদ্বৈততা ভুলে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা ঐক্যবদ্ধভাবে  নাজমুল মোস্তফার পক্ষে কাজ করলে বিএনপির বিজয় নিশ্চিত। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, সারাজীবন দল করে সবাই মনোনয়নপ্রত্যাশী থাকবে, এটাই স্বাভাবিক। আবার কিছু সময়ের জন্য থাকতে পারে মান-অভিমানও। তবে দল থেকে যখন কাউকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়, তখন সেখানে কোনো ভেদাভেদ থাকে না। এখন মনোনয়নপ্রত্যাশীসহ জাতীয়তাবাদের কর্মীরা ঐক্যবদ্ধ। তারা এখন এক হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবেন। 

আরও পড়ুন

×