অভিযোগ পেলে ব্যবস্থা নেবে চবি প্রশাসন
একের পর এক শিক্ষক হেনস্তা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | ০৭:৪৮
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হেনস্তার ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে একের পর এক ন্যক্কারজনক ঘটনায় উদ্বিগ্ন সাধারণ শিক্ষার্থীরাও। তারা চান, সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে যেন কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিল করতে না পারে।
শিক্ষক হেনস্তা নিয়ে গতকাল সমকালে সংবাদ প্রকাশিত হওয়ায় ক্যাম্পাস পরিস্থিতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক মো. কামাল উদ্দিন সমকালকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সবগুলো তদন্ত হয় অভিযোগের ভিত্তিতে, তা সুনির্দিষ্ট হলে। আমরা অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করি। তবে শিক্ষকদের এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করতে হবে। আমরা তো আর আদালত না, স্বউদ্যোগে আমরা কিছু করতে পারি না। একজন শিক্ষকের তো সেই আওয়াজটা থাকা উচিত।’
চাকসুর বর্তমান কার্যক্রম ও শিক্ষকদের হেনস্তার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘চাকসুর সভাপতি হিসেবে উপাচার্য আছেন, তাঁর সঙ্গে কথা বলতে হবে। আমাদের কাছে কোনো সুস্পষ্ট অভিযোগ এলে সেই অভিযোগের তদন্তের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’
এ প্রসঙ্গে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তাওসীফ হোসেন বলেন, ‘চাকসু সব শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী সংগঠন। আমরা চাই না এই প্ল্যাটফর্মের নাম ব্যবহার করে কেউ শিক্ষকদের অসম্মান করুক। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের যে আস্থার সম্পর্ক, তা বজায় রাখা জরুরি। প্রশাসন যদি অভিযোগগুলোর দ্রুত ও নিরপেক্ষ সমাধান করে, তবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আস্থা ফিরে আসবে।’
- বিষয় :
- চবি
