ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মঙ্গলবারই হচ্ছে শাকসু নির্বাচন

মঙ্গলবারই হচ্ছে শাকসু নির্বাচন
×

ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | ২২:১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট আগামী মঙ্গলবারই অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রায় ৯ হাজার শিক্ষার্থী ভোট দেবেন। নির্বাচন এক দিন পেছানোর দাবি উঠলেও আমলে নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। 

নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে শনিবার মধ্যরাতে। ফলে প্রকাশ্যে প্রচারণা বন্ধ হয়ে গেলেও কৌশলে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। অনলাইন ও সামাজিক মাধ্যম ছাড়াও তারা ওয়ান টু ওয়ান প্রচার চালাচ্ছেন। 

এদিকে সাধারণ শিক্ষার্থীর ‘ঐক্যস্বর’ প্যানেলের নির্বাচনী ইশতেহার শনিবার ঘোষণা করা হয়েছে। প্যানেলের ভিপি প্রার্থী মুহুয়ী শারদ দল নিরপেক্ষ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ৯ দফা ইশতেহার ঘোষণা করেন।  

অনিশ্চয়তা থাকলেও বৃহস্পতিবার রাতে পূর্বঘোষিত তপশিল অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) ভোটের অনুমোদন দেওয়ার পর প্রচারণায় ব্যস্ত হয়ে ওঠেন তিন প্যানেলের প্রার্থীরা। কিন্তু নির্বাচনের অনুমতির বিষয়ে বিলম্বের কারণে তিন দিন প্রচারণা করতে পারেননি তারা। এ জন্য প্রার্থীরা শনিবার এক দিনের সময় চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু সময় বর্ধিত করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়। ফলে নির্ধারিত তারিখে ভোট গ্রহণে প্রস্তুতি নিচ্ছে শাকসু নির্বাচন কমিশন। 

ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকিম বিল্লাহ জানিয়েছেন, প্রচারণা শনিবার মধ্যরাতে শেষ। আনুষ্ঠানিক প্রচারণা শেষ হলেও ভোটারদের সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে।

ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলে জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম জানিয়েছেন, তারা ভোটারের সঙ্গে ওয়ান টু ওয়ান যোগাযোগ রাখছেন। 

আরও পড়ুন

×